সেমেনিয়ার প্রেরণা ম্যান্ডেলা
১১ আগস্ট লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামের বিজয়মঞ্চে দাঁড়াতে চান। দাঁড়াতে চান নেলসন ম্যান্ডেলার জন্য। জীবনে যখন নেমে এসেছিল ঘোর আঁধার, তখন প্রেরণার বাতিঘর হয়ে ছিলেন এই ম্যান্ডেলাই। কাস্টার সেমেনিয়া ঠিক করেছেন, মেয়েদের ৮০০ মিটারে সোনা জিততে পারলে সেটি তিনি উৎসর্গ করবেন আফ্রিকার কালো মানুষদের মুক্তির দূতকেই। সেমেনিয়া সোনা জিতবেনই, এটা জোর দিয়ে বলা যাচ্ছে না। ২০০৮ অলিম্পিকের সোনাজয়ী কেনিয়ার পামেলা জেলিমো নিজের সেরা ফর্মে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, রাশিয়ার মারিয়া সাভিনোভাও দারুণ ফর্মে। তা ছাড়া সেমেনিয়ার এটা প্রথম অলিম্পিক। অনভিজ্ঞতাও একটা বাধা। কিন্তু দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেটের প্রকৃত বাধাটা আরও বড়। তাঁর দিকে সব সময় প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে থাকা অদৃশ্য আর দৃশ্যমান সব চোখ। একজন নারীর জীবনের সবচেয়ে স্পর্শকাতর জায়গাটি নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে। আফ্রিকার নির্জনতম এক গ্রাম থেকে উঠে আসা একটি মেয়ে যে এখনো সাহসের সঙ্গে লড়ে যাচ্ছেন, এটাই অনেক বড়।অখ্যাত সেমেনিয়া আলোচনায় আসেন ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। ডাবল রেকর্ড গড়া উসাইন বোল্টের মতো তিনিও ছিলেন ওই আসরের আলোচিত চরিত্র। নিজের তখনকার সেরা টাইমিংয়ের চেয়ে ৮ সেকেন্ড কম নিয়ে জেতেন ৮০০ মিটারের সোনা। তাঁর সাফল্য, দ্রুত উত্থান তুলে দেয় প্রশ্ন। সেমেনিয়া মেয়ে তো! এ নিয়ে প্রায় এক বছরের মতো ট্র্যাকের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বিষয়টি নিষ্পত্তি না হওয়ায়। অবশেষে ফেরার সবুজ সংকেত পেয়েছেন। কিন্তু সেই মানসিক ধাক্কা সামলে উঠতে সময় লেগেছে অনেক। এর মধ্যে ছিল চোটের হানাও। ধারণা করা হয় তাঁর আগের কোচ মাইকেল সেমে আখের ছোবড়া বানিয়ে দিয়েছেন অতিরিক্ত অনুশীলন করিয়ে করিয়ে। বিনয়ী সেমেনিয়াও জোর দিয়ে বলতে পারছেন না সোনা তিনি জিতবেনই। কিন্তু যদি জেতেন? ‘সোনা জিতলে সেটা নেলসন ম্যান্ডেলাকে উৎসর্গ করব। দক্ষিণ আফ্রিকায় তিনি মহানায়ক। আমি যা কিছুই করি, তাঁর জন্যই। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেই জয়ের পর আমার জীবনে যখন অন্ধকার নেমে এসেছিল, তিনিই প্রেরণা জুগিয়েছেন। আমাকে এই বিশ্বাস দিয়েছেন, আমি আরও অনেক পদক জিতব। তাঁর সমর্থন না পেলে আজ এ পর্যন্ত আসতেই পেতাম না।’কারাগারে ২৭টি বছর কাটিয়ে দেওয়া ম্যান্ডেলা যদি হয়ে থাকেন তাঁর প্রেরণার উৎস, সেমেনিয়ার জন্য চালিকাশক্তি তবে আরেকজন—মারিয়া মুতোলা। মেয়েদের ৮০০ মিটারে মোজাম্বিকের এই নারী রীতিমতো কিংবদন্তি। তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন। ইনডোর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন সাতবার। দুবার কমনওয়েলথ গেমস। কিন্তু পরম প্রার্থিত সোনাটি জিততে চার-চারটি অলিম্পিক লেগেছিল। ২০০০ সিডনি অলিম্পিকে সোনা জেতা সেই মুতোলাই এখন সেমেনিয়ার কোচ। তিনি বলছেন, ‘ও আমার চেয়ে অনেক এগিয়ে। ১৮ বছর বয়সে আমি যেখানে ২ মিনিটের নিচে টাইমিং কল্পনাই করতে পারতাম না, সেখানে সে ১ মিনিট ৫৫.৪৫ সেকেন্ড করেছে।’মুতোলার তাই দুঃখ, ‘বার্লিনের পরের ওই ঘটনাগুলোর কারণে ও দীর্ঘ সময় দৌড়াতে পারেনি। দৌড়ালে এত দিনে ৫১-৫২ সেকেন্ডে টাইমিংটা নামিয়ে আনতে পারত।’ তবে মুতোলা জানেন, আক্ষেপ করার সময় এটা নয়। জানেন, পুরো দেশ তাকিয়ে আছে সেমেনিয়ার দিকে। গতবার একটি সোনাও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। দেশটি জানে, এবার একটি সোনাও যদি কেউ আনতে পারে, সেটা সেমেনিয়াই! এএফপি।