সেমেনিয়ার বছর-সেরা টাইমিং
কত বিতর্কের ঝড় গেছে তাঁর ওপর দিয়ে! তবে সেটা যে তাঁর অ্যাথলেটিকস সত্তাকে প্রভাবিত করতে পারেনি, আইএএএফ বার্লিন মিটে জিতে বুঝিয়ে দিলেন কাস্টার সেমেনিয়া। গত বছর যেখানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্যের পর তিনি নারী না পুরুষ এই নিয়ে বিতর্কের শুরু, সেই বার্লিন অলিম্পিক স্টেডিয়ামেই ৮০০ মিটারে ১ মিনিট ৫৯.৯০ সেকেন্ড সময় নিয়ে বছরের সেরা টাইমিং করলেন দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট।গত মাসে ট্র্যাকে দৌড়ানোর সবুজ সংকেত পাওয়ার পর সেমেনিয়ার এটি ছিল তৃতীয় প্রতিযোগিতা। আগের দুটি প্রতিযোগিতায় দুই মিনিটের কম সময়ে দৌড় শেষ করতে পারেননি, কিন্তু এবার পেরে উচ্ছ্বসিত দক্ষিণ সেমেনিয়া, ‘বার্লিনে ফিরতে পেরে খুব ভালো লাগছে। (গত বছর) পদক জেতার পর যা ঘটেছে সেসব নিয়ে মোটেই ভাবিনি আমি। আমি শুধু মনোনিবেশ করেছিলাম আমার দৌড় এবং সময়ের দিকে। দুই মিনিটের নিচে দৌড় শেষের লক্ষ্য ছিল আমার, যা আমি অর্জন করতে পেরেছি।’ এএফপি।