সেমেনিয়ার মুক্তি
অবশেষে মুক্তি পেলেন কাস্টার সেমেনিয়া। আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় তাঁর অংশ নেওয়ার ওপরে যে নিষেধাজ্ঞা ছিল, সেটি তুলে নিল আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা আইএএএফ। গত বছর আগস্টে বার্লিন চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর থেকে কোনো প্রতিযোগিতায় অংশ নেননি দক্ষিণ আফ্রিকার এই দৌড়বিদ।বার্লিনে মেয়েদের ৮০০ মিটার দৌড়ে সোনা জেতার পর থেকে বিতর্কের মুখে পড়েন এই ১৯ বছর বয়সী। সেমেনিয়া পুরুষ নাকি নারী—এ বিতর্কের সমাধান দিতে লিঙ্গ পরীক্ষাও দিতে হয় তাঁকে। বিষয়টি একপর্যায়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালত তো বটেই, দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।তখন থেকে সেমেনিয়ার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল আইএএএফ, যেটি তুলে নেওয়া হলো গত মঙ্গলবার। এ মাসের শেষ দিকে কানাডায় অনুষ্ঠেয় বিশ্ব জুনিয়র অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ দিয়ে ফেরার কথা আছে তাঁর। সেমেনিয়া অংশ নিতে চান অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসেও। রয়টার্স।