সেরা এক শতে দুজন ক্রিকেটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের নাম শোনেননি—মারিয়া শারাপোভার এমন কথায় একসময় তোলপাড় হয়ে গিয়েছিল। তবে শারাপোভার চেয়ে কিন্তু বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনিই বেশি বিখ্যাত। ইএসপিএন এই সময়ের বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের একটা তালিকা করেছে, তাতে ভারতের এই দুই ক্রিকেটারই শারাপোভার ওপরে। আর সেরা ১০০-তে ক্রিকেটার কিন্তু এই দুজনই।
সবার ওপরে কে, সেই প্রশ্নটা নিশ্চয়ই ওঠে। এখানে লিওনেল মেসিকে পেছনে ফেলে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি দুইয়েও নেই, বাস্কেটবল তারকা লেব্রন জেমসের পর আছেন তিনে। বিরাট কোহলি আছেন আটে, আর মহেন্দ্র সিং ধোনি ১৪ নম্বরে। কোহলি পেছনে ফেলেছেন হামেস রদ্রিগেজ, গ্যারেথ বেল, রাফায়েল নাদাল, কোবি ব্রায়ান্টদের মতো খেলোয়াড়দের। আর উসাইন বোল্ট, ওয়েইন রুনি, মারিয়া শারাপোভা, নোভাক জোকোভিচদের পেছনে ফেলেছেন ধোনি।
ইএসপিএন জানিয়েছে, খেলোয়াড়দের উপার্জন ও পুরস্কারের সঙ্গে টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হয়েছে। গুগল সার্চে কাকে কতবার খোঁজা হয়েছে, বিবেচনা করা হয়েছে সেটিও। প্রশ্ন উঠতে পারে, কোবি ব্রায়ান্ট তো কদিন আগেই বাস্কেটবল থেকে অবসর নিয়েছেন, তিনি কীভাবে থাকেন? আসলে গত মৌসুমে যাঁরা খেলেছেন, তাঁদেরও রাখা হয়েছে বিবেচনায়।
রোনালদো শীর্ষে থাকলেও এ তালিকায় বাস্কেটবলের জয়জয়কার, ১০০ জনের মধ্যে বাস্কেটবল খেলোয়াড় ২০ জন। ফুটবলের ১৭ জন, আমেরিকান ফুটবলের ১৬ জন। সবচেয়ে বেশি ৫৬ জন যুক্তরাষ্ট্রের, এর পর চারজন ইংল্যান্ডের। ভারতেরও আছেন তিনজন। কোহলি ও ধোনি ছাড়া ৪১ নম্বরে আছেন সানিয়া মির্জা। তালিকার ৯২ জনই পুরুষ, মহিলা আছেন আটজন। সূত্র: ইএসপিএন।
শীর্ষ দশ
১ ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবল)
২ লেবরন জেমস (বাস্কেটবল)
৩ লিওনেল মেসি (ফুটবল)
৪ নেইমার (ফুটবল)
৫ রজার ফেদেরার (টেনিস)
৬ কেভিন ডুরান্ট (বাস্কেটবল)
৭ টাইগার উডস (গলফ)
৮ বিরাট কোহলি (ক্রিকেট)
৯ হামেস রদ্রিগেজ (ফুটবল)
১০ রাফায়েল নাদাল (টেনিস)