তিন সপ্তাহ আগেও কজন জানতেন তাঁর নাম? সেই স্টেফান মাইবার্গের নামটিই জ্বলজ্বল করছে টুর্নামেন্ট-সেরা একাদশের গোড়ায়! টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে রোহিত শর্মার সঙ্গে ওপেনিং সঙ্গী নির্বাচিত হয়েছেন ঝোড়ো ব্যাটিংয়ে নজরকাড়া ডাচ ওপেনার। আরেকটি চমক জাগানো নাম ক্রিশমার সান্টোকি। একাদশে সুযোগ পাননি, তবে টুর্নামেন্টেই নিজেকে চেনানো এই পেসারের দ্বাদশ ব্যক্তি হওয়াটাও কি কম বিস্ময়ের! ডেল স্টেইন ও লাসিথ মালিঙ্গা নামের দুজন ‘অতিমানব’ ছিলেন বলেই একাদশে ঢুকতে পারেননি সান্টোকি।
ছেলে ও মেয়েদের টুর্নামেন্ট-সেরা একাদশের নাম ঘোষণা হয়েছে গতকাল। চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার একজনেরই জায়গা হয়েছে একাদশে—মালিঙ্গা। সর্বোচ্চ চারজন ভারতের। একাদশে মহেন্দ্র সিং ধোনির নাম দেখেও চমকে উঠতে পারেন অনেকে। ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি ভারত অধিনায়ক, ডিসমিসালেও সর্বোচ্চ নন। সমস্যা হলো, ফাইনালে সাঙ্গাকারার আগে ব্যাট হাতে ভালো করতে পারেননি কোনো উইকেটকিপারই! তা ছাড়া দলটির একজন অধিনায়কও তো লাগবে, তাই না! তাই ব্যাটিং-কিপিং-নেতৃত্ব মিলিয়ে বেছে নেওয়া হয়েছে ধোনিকেই।
ছেলেদের সঙ্গে মেয়েদের একাদশে বড় একটা মিল, এখানেও সবচেয়ে বেশি আছেন রানার্সআপ দলের ক্রিকেটার। এখানেও চারজন! টানা দ্বিতীয়বার মেয়েদের একাদশের অধিনায়ক ইংল্যান্ড অধিনায়ক শার্লট এডওয়ার্ডস। এই দলে সবচেয়ে বড় চমক বাংলাদেশের একজন। কালই বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা সালমা খাতুন আছেন টুর্নামেন্ট-সেরা দলেও। ছেলেমেয়ে মিলিয়েই এই প্রথম টুর্নামেন্ট-সেরা একাদশে সুযোগ পেলেন বাংলাদেশের কেউ। মেয়েদের দ্বাদশ ব্যক্তি দক্ষিণ আফ্রিকান পেসার শাবনিম ইসমাইল।
আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুনের নেতৃত্বে সেরা একাদশ নির্বাচনের জুরি কমিটিতে ছিলেন ওয়াসিম আকরাম, নাসের হুসেইন, ইয়ান বিশপ, আম্পায়ার মারাইস ইরাসমাস ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উত্পল শুভ্র।
ছেলেদের সেরা একাদশ
রোহিত শর্মা ভারত
২০০ রান
স্টেফান মাইবার্গ হল্যান্ড
২২৪ রান
বিরাট কোহলি
ভারত
৩১৯ রান
জেপি ডুমিনি দক্ষিণ আফ্রিকা
১৮৭ রান
গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া
১৪৭ রান
মহেন্দ্র সিং ধোনি ভারত
উইকেটকিপার-অধিনায়ক
৫০ রান ও
৬ ডিসমিসাল
ড্যারেন স্যামি
ওয়েস্ট ইন্ডিজ
১০১ রান
ডেল স্টেইন
দ. আফ্রিকা
৯ উইকেট
রবিচন্দ্রন অশ্বিন
ভারত
১১ উইকেট
স্যামুয়েল বদ্রি
ওয়েস্ট ইন্ডিজ
১১ উইকেট
লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কা
৫ উইকেট
দ্বাদশ খেলোয়াড়
ক্রিশমার সান্টোকি ওয়েস্ট ইন্ডিজ
৮ উইকেট
মেয়েদের সেরা একাদশ
সুজি বেটস নিউজিল্যান্ড
২২৮ রান ও
৫ উইকেট
শার্লট এডওয়ার্ডস ইংল্যান্ড
অধিনায়ক
২০০ রান
মেগ ল্যানিং অস্ট্রেলিয়া
২৫৭ রান
সারা টেলর ইংল্যান্ড
উইকেটকিপার
১৫০ রান ও
৬ ডিসমিসাল
স্টেফানি টেলর
ওয়েস্ট ইন্ডিজ
১৫৩ রান
ডিয়ান্ড্রা ডটিন
ওয়েস্ট ইন্ডিজ
১৪৭ রান ও
৪ উইকেট
এলিস পেরি অস্ট্রেলিয়া
১০৬ রান ও
৮ উইকেট
নাটালি শিভার ইংল্যান্ড
৫০ রান ও
১০ উইকেট
সালমা খাতুন বাংলাদেশ
৬৮ রান ও
৮ উইকেট
পুনম যাদব ভারত
৮ উইকেট
আনিয়া শ্রাবসোল ইংল্যান্ড
১৩ উইকেট
দ্বাদশ খেলোয়াড়
শবনিম ইসমাইল দক্ষিণ আফ্রিকা
৭ উইকেট