সেরা কোহলি ও শ্রাবসোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইনালে ব্যাটিং করতে নামার আগেই একটা ট্রফি পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল বিরাট কোহলির। যদিও ভারতীয় সহ-অধিনায়ক সেটি জানতেন না। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচনের কাজটা সেরে ফেলা হয়েছে ফাইনালের আগেই। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগ পর্যন্ত সেটি গোপনই ছিল।
ফাইনালের আগে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির পাঁচটি ইনিংস অপরাজিত ৩৬, ৫৪, অপরাজিত ৫৭, ২৩ ও অপরাজিত ৭২। তিন ইনিংসে অপরাজিত ছিলেন বলে গড়টা রীতিমতো বিস্ময়কর— ১২১! টুর্নামেন্টের সর্বোচ্চ রান আর এই ধারাবাহিকতাই যথেষ্ট ছিল কোহলির সেরার স্বীকৃতি পেতে। সামান্যতম সংশয় যদি থেকেও থাকে, সেটি মুছে দিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে ওই দুর্দান্ত ইনিংস। টুর্নামেন্ট-সেরা নির্বাচনের বিবেচনায় ফাইনাল ছিল না। কালকের ৫৮ বলে ৭৭ রানের ইনিংসটিকে ছাড়াই তাই সেরা কোহলি। তবে ফাইনালের ইনিংসটি হয়ে থাকল যেন প্রতীকী। টুর্নামেন্ট-সেরা ক্রিকেটার ফাইনালেও দুর্দান্ত!
মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড়ের ট্রফি উঠেছে ইংল্যান্ডের মিডিয়াম পেসার আনিয়া শ্রাবসোলের হাতে। ফাইনালের আগে সর্বোচ্চ ১২ উইকেট পেয়েছেন। এর অর্ধেকই ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে। তিনটি করে উইকেট নিতে শ্রাবসোল দিয়েছেন মাত্র ৬ ও ৯ রান।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচন করেছে ছয় সদস্যের এক জুরিবোর্ড। যেটির সদস্য ছিলেন আইসিসি ম্যাচ রেফারি এবং সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড বুন, সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম, সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন, সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ইয়ান বিশপ, দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারাইস ইরাসমাস এবং প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র। গত শনিবার সকালে জুরিবোর্ডের সভায় সেরা খেলোয়াড় ছাড়াও এই টুর্নামেন্টে পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন দল থেকে খেলোয়াড় বেছে নিয়ে পুরুষ ও মহিলা বিভাগের সেরা দল নির্বাচন করা হয়েছে। যেটি ঘোষণা করা হবে আজ।