সাদা পোশাকের ক্রিকেটে ফিরেই রেকর্ড করলেন ক্রিস গেইল। গর্ডন গ্রিনিজকে টপকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান এখন গেইল। পরশু অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে ছাড়িয়েছেন গ্রিনিজের ৮৯১ রানকে। এই নিয়ে টেস্ট খেলুড়ে তিনটি দেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান করা ক্যারিবীয় ব্যাটসম্যান হয়ে গেলেন এই বাঁহাতি। জিম্বাবুয়ে (৩৫৩) ও বাংলাদেশের (৩৪৭) বিপক্ষেও সবচেয়ে বেশি রান তাঁর। ব্রায়ান লারা চারটি প্রতিপক্ষের বিপক্ষে করেছেন সবচেয়ে বেশি রান। অস্ট্রেলিয়া (২৮১৫), দক্ষিণ আফ্রিকা (১৭১৫), পাকিস্তান (১১৭৩) ও শ্রীলঙ্কার (১১২৫) বিপক্ষে সবেচেয়ে বেশি রান করা ক্যারিবীয় এই ব্যাটিং গ্রেট। ভারতের বিপক্ষে রেকর্ডটি ক্লাইভ লয়েডের (২৩৪৪)। তবে নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ রানের ওয়েস্ট ইন্ডিজ রেকর্ডটি গ্যারি সোবার্সের। সর্বকালের সেরা অলরাউন্ডার ইংল্যান্ডের বিপক্ষে ৩৬ টেস্টে ৬০. ৬৪ গড়ে করেছেন ৩২১৪ রান।