সেরা খেলাটা খেলার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে হারাতে পারলেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল—স্বপ্নপূরণের এতটাই কাছে আজ বাংলাদেশ দল। সেই স্বপ্নপূরণের লক্ষ্যে যে দলটার আত্মবিশ্বাসেরও অভাব নেই, কাল অ্যাডিলেড ওভালে হওয়া সংবাদ সম্মেলনে বারবার সেটাই জানালেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা—

সংবাদ সম্মেলনে মাশরাফি
সংবাদ সম্মেলনে মাশরাফি

: আজকের ম্যাচে ইমরুল কায়েসের খেলার সম্ভাবনা—
মাশরাফি বিন মুর্তজা: ইমরুল কাল (পরশু) এসে পৌঁছেছে, প্র্যাকটিসও ভালো করেছে। ওর খেলার সুযোগ অবশ্যই আছে। আমাদের একজন ওপেনার চোট পেয়েছে। আশা করব ও আত্মবিশ্বাস নিয়েই খেলবে। তার জন্য এটা খুব ভালো একটা সুযোগ। বিশ্বকাপ দলে সে ছিলই না, খেলার কথা হয়তো চিন্তাও করেনি। এখন সে সামর্থ্য দেখানোর একটা ভালো সুযোগ পেয়েছে।
: ইংল্যান্ডের জন্য এটা বাঁচা-মরার ম্যাচ—
মাশরাফি: এর দুটি দিকই আছে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলে যেমন আমরা এখন অনেক নির্ভার থাকতাম। তবে আমাদের চেয়ে এ ধরনের ম্যাচ ইংল্যান্ডই বেশি খেলেছে। আমি মনে করি, এটা নিয়ে চিন্তা না করাই ভালো। আমাদের সামনে খুব ভালো সুযোগ। সবাই যদি যার যার বিভাগে মনোযোগ দিতে পারি, চাপটা অনেক কমে আসবে। কারা চাপে থাকবে বলা কঠিন। তবে আমরা আমাদের সেরা খেলাটা খেলার অপেক্ষায় আছি।
: ইংল্যান্ডের সময় খারাপ যাচ্ছে। এটা কতটা কাজে দেবে?
মাশরাফি: টুর্নামেন্টের আগে থেকেই জানতাম বড় চারটা দলের যে কোনো একটাকে হারাতে পারলে আমাদের ভালো সুযোগ থাকবে। সে সুযোগটা এখন এসেছে। এই টুর্নামেন্টে আমাদের কাছ থেকে সবাই যা আশা করছিল, এখন পর্যন্ত সব সেভাবেই হচ্ছে। কালকের (আজকের) ম্যাচটাও ওভাবে খেলতে পারলে আমাদের কাজ সহজ হবে।
: বাংলাদেশ বাড়তি স্পিনার খেলাবে কি না—
মাশরাফি: সুযোগ অবশ্যই আছে, আগের ম্যাচেও ছিল। তবে সব সময় উইকেট, ব্যাটসম্যান সবকিছু চিন্তা করেই টিমের কম্বিনেশন ঠিক করা হয়। মাঠের ভেতর আমারও মনে হয়েছে হয়তো আর একজন স্পিনার খেলালে ভালো হয়। আবার এটাও ঠিক, দল করতে হয় সবকিছুতে ভারসাম্য রেখে। তবে অবশ্যই আর একজন স্পিনার খেলানোর সুযোগ আছে। আমরা চেষ্টা করব এমন একটা দল করতে, যেন ইংল্যান্ডের জন্য খেলাটা কঠিন হয়।
: চিন্তাটা কি এখনো কোয়ার্টার ফাইনাল পর্যন্তই সীমাবদ্ধ, নাকি আরও বেশি কিছু—
মাশরাফি: আমরা যখন এই টুর্নামেন্টে আসি তখন আমাদের চিন্তা ছিল প্রথম দুটি ম্যাচ যেন না হারি। কোয়ার্টার ফাইনালে যাওয়ার তাহলে খুব ভালো সুযোগ থাকবে। দেশেও বলে এসেছি, আমরা কোয়ার্টার ফাইনালে যেতে চাই। তো এ পর্যন্ত আমরা খুব ভালো ক্রিকেট খেলে এসেছি। সামনে খুব ভালো সুযোগও এসেছে। তবে আমার মনে হয় এই মুহূর্তে কালকের (আজকের) ম্যাচটা নিয়েই ভাবা উচিত। এই ম্যাচ জিততে পারলে একটা লক্ষ্য ঠিক করতে পারব। আর কোয়ার্টার ফাইনালে যাওয়ার পর সামনে কী হবে বলা কঠিন। নির্দিষ্ট দিনে ভালো খেলতেই হবে।
: অ্যাডিলেড ওভালের উইকেট প্রসঙ্গে—
মাশরাফি: উইকেট দেখে মনে হয়েছে ফ্ল্যাটই হবে। রান হবে। আমার বিশ্বাস, আমরাও রান করতে পারব। যাদের বিপক্ষেই করি না কেন, আমরা ৩১৮ রান তাড়া করে জিতেছি। হ্যাঁ, এদের বিপক্ষে হয়তো আরেকটু কঠিন হবে। আমার মনে হয় এই উইকেটে ২৭০-২৮০ রান হবে। ব্যাটসম্যানরা সবাই আত্মবিশ্বাসী। গত ম্যাচে সবাই রান করেছে। সাকিব, মুশফিক, তামিমও ভালো ব্যাটিং করেছে। বোলিংয়ে গত দুই ম্যাচে ছোটখাটো কিছু ভুল হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে কিছু ক্যাচ পড়েছে। তবে আশা করছি আমরা আবার ছন্দে ফিরতে পারব।
: দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা—
মাশরাফি: ইংল্যান্ড যে করেই হোক চাপ থেকে বের হয়ে আসতে চাইবে, এটাই স্বাভাবিক। আপনারা জানেন আফগানিস্তানের বিপক্ষে আমরা কতুটুক চাপ নিয়েছি। সব মানুষ চাপে ছিল। আমরা যদি সুযোগটা নিতে পারি, দ্রুত উইকেট ফেলতে পারি, অবশ্যই এটা সাহায্য করবে।
: এমসিজির বড় মাঠে পারফরম্যান্স ভালো হয়নি। অ্যাডিলেড ওভালও বড় মাঠ—
মাশরাফি: আমরা এ ধরনের মাঠে খেলে অভ্যস্ত নই। বিশেষ করে অ্যাডিলেড বা মেলবোর্ন, ব্রিসবেন। কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে এসে আমার মনে হয় না এগুলো নিয়ে চিন্তার কিছু আছে। বড় মাঠ বা ছোট মাঠে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে এগুলো সমস্যা হবে না।