প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন টেস্টের চার ইনিংসে একবার মাত্র আউট হয়ে ৩৩১ রান। মাত্রই শেষ হওয়া ইংল্যান্ড-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ইয়ান বেলের ব্যাটিং গড় পুরোপুরি ৩৩১। ইংল্যান্ডের মাটিতে এটি টেস্ট সিরিজে সেরা গড়। আর তাতে পেছনে পড়ে গেল ডেভিড লয়েডের ৩৭ বছর আগের রেকর্ড। ১৯৭৪ সালে ভারতের বিপক্ষে ২৬০ গড়ে ২৬০ রান করেছিলেন লয়েড। অবশ্য লয়েড দুই টেস্টে মাত্র দুই ইনিংস ব্যাট করেছিলেন। তিন ম্যাচের ক্ষেত্রে রেকর্ডটি ছিল কিথ ফ্লেচারের; তিন ইনিংসে ১৮৯ রান, গড়ও ১৮৯। সিরিজে ব্যাটিং গড়ের বিশ্ব রেকর্ডটি আরেক ইংলিশ ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ডের দখলে। ১৯৩৩ সালের নিউজিল্যান্ড সফরে ৫৬৩ গড় ছিল তাঁর। দুই ম্যাচের দুই ইনিংসে অপরাজিত ৩৩৬ ও ২২৭ করেছিলেন এই কিংবদন্তি। আর তিন ম্যাচের সিরিজে রেকর্ডটি কুমার সাঙ্গাকারার (৪২৮ গড়ে ৪২৮, বাংলাদেশের বিপক্ষে ২০০৭)।