সেরা চীন ও থাইল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেবিল টেনিসে বিশ্বসেরা চীনের সঙ্গে কতবার মুখোমুখি হয়েছে ভারত, সেটা ঠিক মনে করতে পারলেন না ভারতীয় কোচ সুব্রত রায়। ম্যাচ শেষে আক্ষেপ করে বললেন, ‘এই একটা দলের সঙ্গে আমরা কোনো দিন জিততে পারলাম না।’ আক্ষেপটা আরও দীর্ঘ হলো ভারতের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক টেবিল টেনিসের বালক দলগত বিভাগে কাল ভারতকে ৩-০ সেটে হারাল চীন। বালক বিভাগে জিতলেও চীনের আধিপত্য খর্ব হয়েছে বালিকা বিভাগে। মেয়েদের হাড্ডাহাড্ডি ফাইনালে ৩-২ সেটে চীনকে হারিয়েছে থাইল্যান্ড।যদিও ঝাং জিয়ারুইয়ের বিপক্ষে একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল শিলিগুড়ির ছেলে অর্ণব অধিকারী (১১-০৫, ১১-০৭, ০৫-১১, ০৯-১১, ১৩-১), তবে ঝাং দি এবং ওয়ান ইয়ানজিনের বিপক্ষে রাজীব সরকার ও বিবেক ভারগভ ছিল একেবারেই নিষ্প্রভ। তারা দুজনই একটি করে গেম জিতে হেরেছে ১-৩ ব্যবধানে।উডেনফ্লোর জিমনেসিয়ামে মেয়েদের দলগত লড়াইটা ছিল বেশি উপভোগ্য। একবার থাইল্যান্ডের আরিয়া জেতে তো পরের সেটে চীনের লিউ গাওইয়াং। এরপর থাইল্যান্ডের রতনাপরন জিতলেও আবার জেতে লিউ গাওইয়াং। থাইল্যান্ডের পিয়াপরন হাসে শেষ হাসি, সেই সুবাদে দলগতভাবে থাই মেয়েরা।দলগত বিভাগে দর্শক বনে যাওয়া বাংলাদেশ কাল এককে ভালোই করেছে। মেয়েদের বিভাগে দুটি ম্যাচ জিতে সবার আগে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশের ফাতেমা তুজ জোহরা। একইভাবে ছেলেদের বিভাগেও দুটি ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছে জাভেদ আহমেদ। জোহরা প্রথমে ০-৩ সেটে মালয়েশিয়ার লি রোউয়ের কাছে হারলেও পরে পাকিস্তানের শেখ আবিরা আলী ও মালদ্বীপের হুশমাত শাকিরের বিপক্ষে ম্যাচ দুটি জেতে ৩-০ ব্যবধানে। একটি ম্যাচ জিতেছে রোকাইয়া আলম, ৩-০ সেটে হারিয়েছে নেপালের মেহেরজান এরিকাকে। প্রথম রাউন্ডে তিন ম্যাচেই হেরেছে শারমিন আক্তার ও স্নিগ্ধা সুলতানা।ছেলেদের এককে জাভেদ ৩-০ সেটে হারিয়েছে নেপালের কিরণ রায়কে, মালদ্বীপের মা আদকে হারিয়েছে একই ব্যবধানে। তবে ফয়সাল খান লড়াই করে হেরে গেছে (৩-২) শ্রীলঙ্কার সেমবাকুটিগির কাছে।আগামীকাল তিনটি ইভেন্টের ফাইনাল—মিশ্র দ্বৈত ১২টায়, বালিকা একক ৪টায় ও বালক একক ৫টায়।