সেরা দশের স্বপ্ন নিয়ে জাপান-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে সিদ্দিকুর রহমান ইতিহাস গড়ছেন। আরেক দিকে নতুন সিদ্দিকুরদের উঠে আসার পথ তৈরি হচ্ছে। এই নতুন পথের বাঁকেই আজ এশিয়ান অ্যামেচার চ্যাম্পিয়নশিপ খেলতে রওনা দিচ্ছে ৩ সদস্যের বাংলাদেশ জাতীয় দল। দলে আছেন এসএ গেমস সোনাজয়ী দলের তিন সদস্য শাখাওয়াত হোসেন, দুলাল হোসেন ও জাকিরুজ্জামান। ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন কর্নেল এস এম শওকত আলী (অব.)। এশিয়ান অ্যামেচার চ্যাম্পিয়নশিপে গত বছরও অংশ নিয়েছিল বাংলাদেশ দল। সেবার বাংলাদেশের শাখাওয়াত ৩১তম অবস্থানে ছিলেন শেষ পর্যন্ত। তবে তৃতীয় রাউন্ড পর্যন্ত সেরা দশে থাকা শাখাওয়াতের এবারের লক্ষ্য সেরা হয়ে ফেরা। সেই একই লক্ষ্য দুলাল ও জাকিরেরও।এই লক্ষ্যের কথাই কাল তিন গলফার জানালেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে। এখানে চ্যাম্পিয়নশিপ ও দল সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারওয়ার আহমদ। তিনি বলেন, এবার এই চ্যাম্পিয়নশিপে ৩৫ থেকে ৪০টি দলের প্রায় শ দেড়েক খেলোয়াড় অংশ নিচ্ছেন। দলের ম্যানেজার শওকত আলীর কথা, ‘অন্তত একজন খেলোয়াড়ও যদি সেরা দশে থাকতে পারে, তাহলেই আমি আপাতত খুশি হব।’