সেরা দিন আর সেরা খেলার আশায়
পাকিস্তানের কোন বোলারকে খেলাটা বেশি সমস্যা হতে পারে?কারও নাম না নিয়েই সাকিব আল হাসান দারুণ এক উত্তর দিলেন, ‘সব আসলে উইকেটের ওপর নির্ভর করে। উইকেট যদি পেসারদের সাহায্য করে, তাহলে তাদের পেস বোলিং খেলা কঠিন হবে। আর যদি স্পিন ধরে, তাহলে স্পিনাররা ভালো করবে।’এ কথায় নতুনত্ব কোথায়? সাকিব কী এমন হাতি-ঘোড়া বললেন যা আর কেউ জানে না! কথা ঠিক। সঙ্গে এটাও ঠিক, পাকিস্তানের বোলিং নিয়ে এর চেয়ে নির্দিষ্ট করে কিছু বলারও নেই। যদি বলেন উমর গুলই হবে আসল হুমকি, দেখা গেল শহীদ আফ্রিদি ৫ উইকেট নিয়ে নিয়েছেন। আবার সাঈদ আজমলের কথা বলে যদি সোহেল তানভীরের বলে ফেঁসে যান!নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে উপসংহার টানলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক, ‘পাকিস্তানের কে কী করবে, এসব ভেবে লাভ নেই। আমাদের ভালো খেলতে হবে। আমার চিন্তা হলো আমি যেন নিজের সেরাটা দিতে পারি।’একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে পুরো বাংলাদেশ দলই এ রকম ভাবছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান বরাবরই বড় প্রতিপক্ষ। ২০ ওভারের ক্রিকেট ছোট-বড় দলের পার্থক্য কমিয়ে আনলেও ততটা নয় যে ম্যাচের আগের দিন বড় গলা থাকবে বাংলাদেশের। কাল সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মুশফিকুর রহিমও নিজেদের লক্ষ্যটা জানালেন প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে, ‘পাকিস্তান এখন বিশ্বের অন্যতম সেরা দল। সিরিজে ওরাই ফেবারিট। তবে সেরা ক্রিকেট খেললে আমাদের হারানো অত সহজ হবে না। হোক সেটা টি-টোয়েন্টি, ওয়ানডে কিংবা টেস্ট। পাকিস্তানকে নিয়ে না ভেবে যদি নিজেদের শক্তিগুলো নিয়ে কাজ করতে পারি, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে আশা করি।’নিজেদের মাঠে খেলেও পাকিস্তানের বিপক্ষে ‘হোম অ্যাডভান্টেজ’ কখনোই খুব একটা পায়নি বাংলাদেশ। খেলাটা আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, সেটা তাই মাথায় রাখতে চাইছেন না অধিনায়ক, ‘হোম অ্যাডভান্টেজ যতই থাকুক, ভালো না খেললে আসলে সেটা সব সময় কাজে আসে না। ওয়েস্ট ইন্ডিজের গত সিরিজটার কথাই ধরুন। অনেক সুবিধা পেয়েও ব্যাটসম্যান-বোলাররা সেসব সুবিধা নিতে পারেনি।’ মুশফিকের ফর্মুলাও সাকিবের মতো, ‘যার যার দায়িত্ব এবং সামর্থ্য অনুযায়ী খেলাটাই আসল। পাকিস্তান ওয়ানডে এবং টেস্টে খুব ভালো ফর্মে আছে। তার মানে এই না যে ওরা আসবে আর আমাদের হারিয়ে চলে যাবে। প্রতিটি খেলাই প্রথম থেকে শুরু করতে হয়। আমরা যদি ভালো খেলতে পারি, কে জানে কী হয়...।’সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কাকে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সিরিজই হারিয়ে এসেছে পাকিস্তান। সেটা মাথায় রেখে আবদুর রাজ্জাক মানছেন, পাকিস্তানের বিপক্ষে জেতা সহজ নয়। অল্প সময়ে যে ভালো খেলবে সেই জিতবে—টি-টোয়েন্টির এই দর্শন মেনেও বাঁহাতি এই স্পিনার বলছেন, ‘পাকিস্তান যে রকম খেলছে, ওদের বিপক্ষে জেতা কঠিন।’ তবে রাজ্জাক মনে করেন না পাকিস্তানকে ঠেকাতে খেলোয়াড় ধরে ধরে পরিকল্পনার দরকার আছে। পাকিস্তান স্পিন ভালো খেলে, সেটাও সমস্যা নয়। তবে সাঈদ আজমলের কথা মনে করিয়ে দিয়ে সতর্কবার্তা দিলেন সতীর্থ ব্যাটসম্যানদের, ‘সাঈদ আজমল দুসরা দেয়। ওর বলে সতর্ক থাকতে হবে। বুঝতে হবে কোনটা দুসরা।’ অবশ্য মুশফিক নাকি আজমলকে রুখতে একটা ওষুধ পেয়ে গেছেন, ‘সাঈদ আজমল পাকিস্তানের অন্যতম ম্যাচ উইনার। ওর জন্য আমাদেরও কিছু পরিকল্পনা আছে। মাঠে সেটা কাজে লাগাতে হবে।’প্রতিপক্ষের বোলিং আক্রমণ যে রকমই হোক, অলক কাপালি মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের ১৬০-১৭০ রান করার সামর্থ্য আছে। আগে ব্যাট করে এই রানটা করতে পারলে মিরপুরের উইকেটে জেতাও সম্ভব। অলক জয়ের ব্যাপারে বেশি আশাবাদী এ মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ খেলা টি-টোয়েন্টির সাফল্যে, ‘টি-টোয়েন্টিতে কী হয় বলা যায় না। তবে আমি মনে করি আমাদেরই জেতা উচিত। ওয়েস্ট ইন্ডিজকে তো সর্বশেষ ম্যাচে হারিয়েছি...।’ সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকেও অনুপ্রেরণা জোগাচ্ছে মুশফিকের হাত ধরে আসা ওই জয়, ‘পাকিস্তান দলে এ ধরনের ক্রিকেটে ভালো খেলা বেশ কয়েকজন খেলোয়াড় আছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা জেতায় আমাদের বাড়তি আত্মবিশ্বাস থাকবে।’ভালো কিছুর জন্য বোলিংয়েও দরকার একটা ভালো শুরু। সেই শুরুটা যাদের হাত ধরে আসা উচিত, তাদেরই একজন পেসার রুবেল হোসেন দারুণ আশাবাদী, ‘খেলা তো হবে একদম ফ্লাট উইকেটে। তবে আমরা ভালো শুরু দিতে পারলে যেকোনো কিছু হওয়া সম্ভব। আমাদের লক্ষ্য, শুরুতেই উইকেট ফেলা, একই সঙ্গে রানও কম দেওয়া। নতুন বলে সুইং পাওয়ার চেষ্টা করতে হবে।’ পাকিস্তানের বিপক্ষে স্পিন বোলিং কার্যকর হওয়ার সম্ভাবনা কম। এই সিরিজে পেসারদের ওপর তাই বাড়তি দায়িত্ব। রুবেল আত্মবিশ্বাসী, ‘কঠিন বলে কিছু নেই। ভালো জায়গায় বল ফেললে সবার জন্যই খেলা কঠিন।’যেমন কঠিন বাংলাদেশের সেরা দিনে প্রতিপক্ষের জেতা। সেরা দিন দিয়েই কি আজ কুল অ্যান্ড কুল কাপ শুরু করবে বাংলাদেশ?