সেরা দুটি দলই কি ফাইনালে উঠল? কার কী অভিমত জানি না। তবে আমার মতে, সেরা দুদলই ফাইনালে খেলছে।এটা ঠিক, স্পেন প্রথম ম্যাচটা হেরেছিল। কিন্তু এরপর? ছন্দ ফিরে পেয়ে দলটা দুর্ধর্ষ হয়ে উঠেছে। হ্যাঁ, একটা দল ম্যাচ জিতলেই সেরা হয়ে যায় না। কিন্তু স্পেন শুধু জয়ের ধারাতেই নেই। অসাধারণ সুন্দর ফুটবলের ফুলও ফোটাচ্ছে। পরশু জার্মানির বিপক্ষে সেমিফাইনালে দেখা দেওয়া স্পেনই এর বড় প্রমাণ। হল্যান্ড হয়তো স্পেনের মতো সুন্দর ফুটবল খেলে ফাইনালে আসেনি। কিন্তু ওরা কোনো ম্যাচই হারেনি, এমনকি ড্রও নয়। ধারাবাহিকতাই সফলতার অন্যতম মানদণ্ড। এই হল্যান্ড তাদের ধারাবাহিকতার জন্যই ফাইনালে জায়গা করে নিয়েছে।স্পেনের খেলায় সবচেয়ে আকর্ষণীয় দিক তাদের বল পজেশন। সেন্ট্রাল থার্ডের ওপরের অংশে গিয়ে এই কাজটা বেশি করেছে স্প্যানিয়ার্ডরা। এর কোনো জবাবই ছিল না জার্মানির কাছে। জার্মান ডিফেন্ডার আর মিডফিল্ডারদের দৌড়াদৌড়িতেই ব্যতিব্যস্ত থাকতে হলো। তারা একবার দশ গজ বাঁয়ে যাচ্ছে, আবার দশ গজ ডানে। স্পেনের খেলোয়াড়েরা সুন্দর ও নিখুঁত পাস খেলে জার্মানদের চরকির মতো ঘোরাল। জার্মানির তো কপাল ভালো, বড় ব্যবধানে হারেনি!স্পেনের খেলোয়াড়েরা বল ছাড়াও প্রচুর দৌড়ায় মাঝখানে। দুজন পাস খেলছে, আরেকজন প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভেতর থেকে দৌড় দিচ্ছে। এর ফলে দুজন ডিফেন্ডারের একজন হয়তো জায়গা থেকে সরে গেছে। আর এতে ফাঁক বেরিয়ে পড়েছে রক্ষণে।বল পজেশন সব সময় দেখতে ভালো লাগে এমন নয়। আবার বল পজেশন দেখতে ভালো লাগে সেটাও সত্য। যাই হোক, স্পেন বেশিক্ষণ বল পায়ে রাখায় মনঃসংযোগ হারিয়েছে প্রতিপক্ষ। আস্তে আস্তে পা-মাথা দুটোই ক্লান্ত হয়েছে।হল্যান্ডের খেলার ধরনটা একটু আলাদা। বল যার কাছে গেছে তাকে সাপোর্ট দেওয়ার কাজটা স্প্যানিয়ার্ডদের মতো ডাচরা করতে পারেনি। তবে অ্যাটকিং থার্ডে বল বেশি পায়ে রাখার চেষ্টা ছিল হল্যান্ডের। ব্রাজিলের মতো দলের বিপক্ষে এক গোলে পিছিয়ে থেকে হল্যান্ড যেভাবে ম্যাচটা জিতে নিয়েছে, তাতে এই দলকে সেরা না বলে উপায় নেই। প্রতিপক্ষকে আঘাত করার মানসিকতাটা খুব কাজ করে হল্যান্ডের খেলায়।হল্যান্ড মাঝমাঠ এবং রক্ষণ জমাট রেখেছে বেশি। রক্ষণ থেকে লম্বা বল বাড়িয়েছে। স্পেন এটা করেইনি। তাদের আক্রমণ গড়ে ওঠে একেবারে নিচ থেকে। দুদলের তুলনা করলে হল্যান্ডের খেলা কখনো কখনো নেতিবাচক মনে হয়েছে। তবে এটাই হল্যান্ডের খেলার ধরন। দ্রুত আক্রমণে গিয়েছে, আবার নেমেও এসেছে বলে প্রতিপক্ষ একটু সামনে এগিয়েই বাধা পেয়েছে।ডাচরা গোল করেছে মাত্র ৯টি। তবে রক্ষণ আর মাঝমাঠ বেশি জমাট রেখে খেলায় খেয়েছেও কম—মাত্র ৩টি। স্পেনেরও গোল তো আরও কম। মাত্র ৭টি! ৫টিই ডেভিড ভিয়ার। স্পেন গোল খেয়েছে মাত্র ২টি। মানে গোল করে গোল ধরে রাখতে পেরেছে দুদলই।স্পেন আস্তে আস্তে জ্বলে উঠেছে। দুই বছর ধরে অসাধারণ ফুটবল খেলে আসছিল দলটি। বিশ্বকাপেও ধারাবাহিকতা রাখতে সংকল্পবদ্ধ ছিল। জার্মানির বিপক্ষে সেমিফাইনালের স্পেন সেটাই মনে করিয়ে দিয়েছে।