সেরা নারিন্দা ও সানিডেল
হইচই করে, ড্রাম বাজিয়ে সারাক্ষণ গ্যালারি মাতিয়ে রাখল সহপাঠীরা। আর কোর্টের পাশে বসে উৎসাহ জোগালেন মায়েরা। পোলার আইসক্রিম স্কুল হ্যান্ডবলের ফাইনালটা জমিয়ে তোলার জন্য দুই দলের সমর্থকেরাই ছিল যথেষ্ট। বালক বিভাগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়। কাল ফাইনালে তারা ২৬-১৬ গোলে হারিয়েছে সেন্ট গ্রেগরিজ হাইস্কুলকে। প্রথমার্ধে নারিন্দা এগিয়ে ছিল ৯-৪ গোলে। বালক বিভাগে নারিন্দা নিজেদের আধিপত্য ধরে রাখলেও মেয়েদের বিভাগে শ্রেষ্ঠত্ব হারিয়েছে স্কলাস্টিকা। টানা তিনবারের চ্যাম্পিয়নরা এবার ফাইনালে সানিডেলের সামনে দাঁড়াতেই পারেনি। একপেশে ম্যাচে হেরেছে ১৪-২ গোলে। এই জয়ে গতবারের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নেওয়া হলো সানিডেলের। ম্যাচের প্রথমার্ধে সানিডেল এগিয়ে ছিল ৫-১ গোলে। টুর্নামেন্টের বালক বিভাগের সেরা খেলোয়াড় নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়ের মনির, বালিকা বিভাগের সেরা সানিডেলের আরোয়া ইয়াসমিন।