সেরা নারিন্দা ও স্কলাস্টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি দাঁড়িয়ে হ্যান্ডবল ও বঙ্গবন্ধু স্টেডিয়াম। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলা নিয়মিত চললেও বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শক হাতে গোনা যায়। ছোট দলের খেলায় দর্শক কম হয় আরও। কিন্তু স্কুল হ্যান্ডবলে দর্শকের অভাব নেই! কাল ফাইনালে উপচে পড়ছিল গ্যালারি। নিজেদের স্কুলকে সমর্থন জানাতে ছাত্রছাত্রী ও অভিভাবক মিলিয়ে এসেছিল হাজার দুয়েক দর্শক। যোগ দিয়েছিল পথচলতি দর্শকেরাও। নাতনি সামাহা হামিদকে উৎসাহ দিতে কাল প্রায় গোটা পরিবারকে নিয়ে এসেছিলেন বাংলাদেশের দাবার রানি রানী হামিদ। তা খুশিমনেই ফিরেছেন তিনি। সানিডেলকে ৭-৪ গোলে হারিয়ে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সামাহার স্কুল স্কলাস্টিকা। টানা দ্বিতীয়বারের মতো সেরা খেলোয়াড় সামাহা। তৃতীয়বারের মতো সানিডেলকে ফাইনালে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো স্কলাস্টিকা। সব মিলিয়ে এটি তাদের পঞ্চম শিরোপা। ছেলেদের ফাইনালটা ছিল সবচেয়ে উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই এগিয়ে থাকা নারিন্দা সরকারি উচ্চবিদ্যালয়কে শেষ দিকে প্রায় ধরে ফেলেছিল ঢাকা রেসিডেনসিয়াল মডেল! শেষ পর্যন্ত নারিন্দা জেতে ১৭-১৬ গোলে গোলে। ২০ বারের টুর্নামেন্টে এই দিয়ে ছয়বার চ্যাম্পিয়ন পুরান ঢাকার স্কুলটি। সেরা খেলোয়াড় নারিন্দার মনির হোসেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।