সেরা পাঁচ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

মারাকানায় আজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-জার্মানি। এর আগে এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের সেরা পাঁচটি লড়াই
গটেনবার্গ, ২৮ জুন, ১৯৫৮
ফ্রান্স ৬-৩ জার্মানি: ১৯৫৮ সুইডেন বিশ্বকাপ। ম্যাচটা ছিল তৃতীয় স্থান নির্ধারণী। ফ্রান্স সেবার জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৬-৩ গোলে। আরও ভালো করে বললে এক জাঁ ফন্টেইনের কাছেই ধরাশায়ী হয় জার্মানি। ফন্টেইন ওই ম্যাচে করেছিলেন ৪ গোল। এর আগে সেমিফাইনালে ফ্রান্স পেলের ব্রাজিলের কাছে হেরেছিল ৫-২ গোলে, আর সুইডেনের কাছে ৩-১ গোলে হেরেছিল জার্মানি।
প্যারিস, ২৩ ফেব্রুয়ারি, ১৯৭৭
ফ্রান্স ১-০ জার্মানি: বিশ্বকাপজয়ী পশ্চিম জার্মানি খেলতে গেল প্যারিসে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের জন্য দুঃস্বপ্নের এক ম্যাচ ছিল সেটা। পশ্চিম জার্মানির হয়ে শেষ ম্যাচে হেরে গেলেন কাইজার। অলিভিয়ের রোউয়েরের একমাত্র গোলে সেদিন জিতেছিল ফ্রান্স।
সেভিয়া, ৮ জুলাই, ১৯৮২
জার্মানি ৩ (৫)-(৪) ৩ ফ্রান্স: শুধু রোমাঞ্চকরই নয় বিশ্বকাপের অন্যতম ধ্রুপদি ম্যাচ বলা হয় এই সেমিফাইনালকে। এই ম্যাচে জার্মান গোলকিপার হ্যারল্ড শুমাখারের আঘাতে দাঁত হারিয়ে মাঠেই বেহুঁশ হয়ে পড়ে ছিলেন ফ্রান্সের প্যাট্রিক বাতিস্তন। ম্যাচে পিয়েরে লিটবার্স্কির গোলে এগিয়ে যায় জার্মানি, পেনাল্টি থেকে সমতায় ফেরান মিশেল প্লাতিনি। ৯০ মিনিট ১-১ অবস্থায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই ঘটে মহানাটকীয়তা। ফ্রান্সের মারিয়ুস ট্রেজর আর অ্যালিয়ান গিরেস করেন ৩-১। এরপর কার্ল হেইঞ্জ রুমিনিগে ও ক্লাউস ফিশার ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখানে পেনাল্টি মিস করেন ফ্রান্সের দিদিয়ের সিক্স ও ম্যাক্সিম বসিস।
গুয়াদালহারা, ২৫ জুন, ১৯৮৬
জার্মানি ২-০ ফ্রান্স: চার বছর পর দুই দল আবারও মুখোমুখি সেমিফাইনালে। ইউরো চ্যাম্পিয়ন হয়ে এসেছে ফ্রান্স। দুর্দান্ত খেলছিলও। কিন্তু মিশেল প্লাতিনির ছিল পায়ের চোট। আবারও তারা জার্মানির কাছে হারল, এবার স্কোরলাইন ২-০। ম্যাচের শুরুর দিকেই আন্দ্রেস ব্রেমার ফ্রি-কিকে এগিয়ে যায় জার্মানি, শেষ মিনিটে রুডি ফলারের গোলে হাসতে হাসতে মাঠ ছাড়ে। কিন্তু শিরোপা-স্বপ্নটা ধুলোয় লুটোপুটি খায় ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে হেরে।
প্যারিস, ৬ ফেব্রুয়ারি, ২০১৩
জার্মানি ২-১ ফ্রান্স: দুই জার্মানি এক হওয়ার পর ছয়বারের সাক্ষাতে সবগুলোই জিতেছিল ফ্রান্স। একটা জয়ের জন্য ব্যাকুল ছিল জার্মানরা। অবশেষে স্টাডে ডি ফ্রান্সে ২-১ গোলে জেতে জোয়াকিম লোর শিষ্যরা। প্রথমার্ধে ম্যাথু ভালবুয়েনার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু দ্বিতীয়ার্ধে টমাস মুলারের গোলে সমতা ফেরানো জার্মানি জয় নিয়ে মাঠ ছাড়ে স্যামি খেদিরার গোলে। তথ্যসূত্র: এএফপি।