সেরা পাঁচে ইউনুস
২০০৯ সালের ফেব্রুয়ারিতে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন ইউনুস খান। করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ট্রিপল সেঞ্চুরি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১ নম্বরে তুলে আনে তাঁকে। এবার চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে পেলেন ডাবল সেঞ্চুরি। আড়াই বছর পর আবার উঠে এলেন র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে। একবারেই এগিয়েছেন ১১ ধাপ। ইউনুসের ওপরে আছেন কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, অ্যালিস্টার কুক ও ইয়ান বেল। ওয়েবসাইট।অভিষেক টেস্টেই ৩১ ও ৭৮ রান, বাংলাদেশের ওপেনার নাজিমউদ্দিন আছেন ৬৪ নম্বরে। চার ধাপ পেছালেও তামিম ইকবালই (২৪) বাংলাদেশের সেরা। এক ধাপ এগোনো সাকিব আল হাসান ৪১ নম্বরে। বোলিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন ইলিয়াস সানি (৫৩)। দুই ধাপ পিছিয়ে সাত থেকে নয়ে নেমে গেছেন সাকিব আল হাসান। বোলিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই।ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ড করেছেন মাত্রই, বীরেন্দর শেবাগ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন আট ধাপ। ২১৯ রান করার পথে ওয়ানডেতে ৮ হাজার রান পেরোনো শেবাগের অবস্থান এখন ১২। দুই ধাপ এগিয়ে বিরাট কোহলি এখন তিনে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩০৫ রান করে সিরিজ-সেরা রোহিত শর্মা ২০ ধাপ এগিয়ে চলে এসেছেন ৩৬-এ। শীর্ষে আছেন হাশিম আমলাই।