সেরা ফল করে ফিরছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ রাউন্ডের ফলাফলের ওপর নির্ভর করছিল অনেক কিছু। জিতলে ভালো অবস্থান, নইলে পিছিয়ে যেতে হবে অনেক—এই সমীকরণ নিয়ে কাল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। তাতে ২.৫-১.৫ পয়েন্টে জিতে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পেল সেরা ফল। ২০০২ সালে দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ পেয়েছিল ৩৪তম স্থান। বিশ্ব দাবামঞ্চে ওটাই এত দিন বাংলাদেশের সেরা ফল হয়ে ছিল। সেই ফলকে ছাপিয়ে এবার পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়ে যাওয়া বাংলাদেশ পুরুষ দল ১৫৮টি দেশের মধ্যে ৩৩তম হয়েছে। ইস্তাম্বুলে কাল শেষ হওয়া প্রতিযোগিতায় এশিয়ার মধ্যে বাংলাদেশ সপ্তম। এ ফলাফলের তাৎপর্য আরও বেড়ে যাচ্ছে ভারত ৩৫তম হওয়ায়। মহিলা বিভাগে শেষ রাউন্ডে তুর্কমেনিস্তানের সঙ্গে ২-২ ড্র করে ১২৫টি দেশের মধ্যে ৫২তম হয়েছে বাংলাদেশ মহিলা দল। এশিয়ার মধ্যে দ্বাদশ। নজরানা খানের (ইভা) ফিদে মাস্টার হওয়ার সম্ভাবনা আছে। কাল শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে খেলা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের জয়টাই বাংলাদেশের জন্য টার্নিং পয়েন্ট। ৪৩ চালে তিনি হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার বোয়ান কুরাইয়াকাকে। অন্য তিন বোর্ডে ড্র করেছে বাংলাদেশ। আবদুল্লাহ আল রাকিব ৭৮ চালে, এনামুল হোসেন রাজীব ৪৪ ও নিয়াজ ২৮ চালে ড্র করেন।