সেরা বাছাই সেরেনা-জোকোভিচ
সেরেনাকে হটিয়ে টেনিস র্যা ঙ্কিংয়ের শীর্ষে ওঠার ভালো একটা সুযোগ ছিল অ্যাঞ্জেলিক কারবারের। সিনসিনাটি ওপেনের ফাইনালটা জিতলেই হতো। কিন্তু ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে হেরে আপাতত শীর্ষে ওঠা হলো না জার্মান খেলোয়াড়ের। দ্বিতীয় বাছাই হিসেবেই তিনি অংশ নিতে যাচ্ছেন ২৯ আগস্ট থেকে শুরু বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে। শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস। গত বছর সেমিফাইনালেই রবার্তা ভিঞ্চির কাছে পরাজিত সেরেনা এই নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষ বাছাই হিসেবে খেলতে যাচ্ছেন ইউএস ওপেন। মহিলা বিভাগে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বাছাই গারবিনিয়ে মুগুরুজা, আগ্নিয়েস্কা রাদভানস্কা ও সিমোনা হালেপ।
পুরুষ বিভাগে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। রিও অলিম্পিকে সোনাজয়ী অ্যান্ডি মারে খেলবেন দ্বিতীয় বাছাই হিসেবে। পুরুষ বিভাগে সেরা বাছাইয়ের পরের তিনটি স্থানে আছেন ২টি গ্র্যান্ড স্লামজয়ী স্তানিসলাস ভাভরিঙ্কা, নিজেকে হারিয়ে খুঁজে ফেরা রাফায়েল নাদাল ও কানাডার মিলোস রাওনিচ। আগামীকাল হবে ইউএস ওপেনের ড্র। ফক্স স্পোর্টস।