সেরা ব্যাটসম্যান যখন দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাঈম ইসলাম
নাঈম ইসলাম

সেই রাতটির কথা নিশ্চয়ই ভুলে যাননি মুশফিকুর রহিম? স্মৃতি মুছে দেওয়ার মতো দূরত্ব এখনো পাড়ি দেয়নি সময়ের রথ। অবশ্য উপলক্ষটা এমন ছিল যে বহু বছর পরেও হয়তো ভুলবেন না মুশফিক। সেই রাতে নিউজিল্যান্ডকে দ্বিতীয়বার বাংলাওয়াশ করার আনন্দে মেতেছিল বাংলাদেশ। ধবলধোলাইয়ে নেতৃত্ব দেওয়া অধিনায়ক পেয়েছিলেন সিরিজ সেরার সম্মানও। ম্যান অব দা সিরিজ হয়ে অবশ্য বিস্মিত হয়েছিলেন মুশফিক নিজেও। ফতুল্লার সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘ভাবতেও পারিনি ম্যান অব দা সিরিজ হব। আমি তো নাঈম ভাইকে আগাম অভিনন্দন জানিয়ে রেখেছিলাম। সিরিজে সর্বোচ্চ রান, দুটি ম্যাচ উইনিং ইনিংস। ভেবেছিলাম উনিই ম্যান অব দা সিরিজ হবেন।’

পরশু রাতে আরেকটি ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এলেন মুশফিক। দল ধুঁকছে মাঠে, কিন্তু অধিনায়কের চোখে গত সিরিজের সেরা ক্রিকেটারকে বসিয়ে রাখা হয়েছে ড্রেসিংরুমে। প্রশ্নটা অনিবার্যই ছিল। এবার মুশফিকের ব্যাখ্যা, ‘নাঈম ভাই গত সিরিজে পাঁচ নম্বরে খেলেছে। তখন সাকিব বাইরে ছিল, এখন সাকিব ফেরায় নাঈম ভাইকে বাইরে থাকতে হচ্ছে।’
এটা ঠিক, সাকিব আল হাসানের চোটের কারণেই আগের সিরিজে সুযোগ পেয়েছিলেন নাঈম। সাকিব ফিরেছে, তাই একাদশের বাইরে নাঈম। তা আগের সিরিজে তিনি যত ভালোই করুন না কেন। ভাবতে ভালোই লাগে, দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। এখন দল সাজানো হয় পেশাদারি চিন্তা-ভাবনায়। সেই পেশাদারির স্বার্থে আগের সিরিজের সেরা পারফরমারকে বাদ দেওয়ার বিলাসিতাও এখন দেখাতে পারে বাংলাদেশ!

তবে বাতির নিচে যেমন অন্ধকার থাকে, এটাও প্রমাণ হয়ে গেছে যে ওই পেশাদারি বাংলাদেশ ক্রিকেটের জন্য এখনো বিলাসিতা। শুধু ওয়ানডের কথাই যদি ধরা হয়, দুই ম্যাচই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের মিডল অর্ডার। গত সিরিজে এই পরিস্থিতিতেই ভরসা দিয়েছিল নাঈমের চওড়া ব্যাট। স্মৃতির ডানায় নিউজিল্যান্ড সিরিজ থেকে একবার ঘুরে আসা যাক। প্রথম ম্যাচে ২৫ রানে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ওই বিপর্যয়ে নেমে মুশফিকের সঙ্গে ১৫৪ রানের জুটি গড়েছিলেন নাঈম, নামের পাশে ছিল ক্যারিয়ার-সেরা ৮৪। দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লেতে এক চার ও এক ছক্কায় ১৬ করার পর রান বাড়ানোর চেষ্টার বলি। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ৩০৭ রান তাড়া করে জয়ের মূল নায়ক শামসুর রহমান (৯৬), কিন্তু নাঈমের ৭৪ বলে ৬৩ রানের ইনিংসটাও ছিল মহামূল্য। তো সর্বশেষ তিন ম্যাচে ৮৪, ১৬ ও ৬৩ করা ব্যাটসম্যানকে বসিয়ে রাখার মতো উচ্চতায় এখন পৌঁছে গেছে বাংলাদেশের ক্রিকেট!

এবার প্রথম ওয়ানডেতে যদি খেলতেন নাঈম, কে জানে হয়তো জিতেও যেত বাংলাদেশ। ১৮১ রান তাড়ার মঞ্চ তো নাঈমের মতো ব্যাটসম্যানের জন্য আদর্শ! পরশুও যখন এক প্রান্তে নিঃসঙ্গ লড়াই করছেন মুশফিক, নাঈম হতে পারতেন যোগ্য সঙ্গী। মুুমিনুল, সাকিব, নাসির, এমনকি কখনো কখনো মুশফিক, বাংলাদেশের মিডল অর্ডারে সবাই ‘ফ্ল্যাশি’ স্ট্রোকমেকার, নাঈমের মতো স্থিতধী একজনের জায়গা এখানে কৌশলগত কারণেই হতে পারে। মুশফিকের যুক্তি মেনে প্রথম ম্যাচে না হয় পেশাদারির যুক্তি খাটে। কিন্তু সেই ম্যাচে জঘন্য পারফরম্যান্সের পরও কীভাবে একাদশে জায়গা পান মাহমুদউল্লাহ? মুশফিক যুক্তি দেখিয়েছেন, সাত নম্বরে একজন অলরাউন্ডার প্রয়োজন। বাংলাদেশ অধিনায়ক হয়তো ভুলে গেছেন, নাঈমের বোলিংটাও মন্দ নয়। আর ‘অলরাউন্ডার কোটায়’ দুই ম্যাচ খেলা মাহমুদউল্লাহর পারফরম্যান্স ব্যাট হাতে ০ ও ১, বোলিংয়ে ৭ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য। নাসিরকে সাতে খেলিয়ে অনায়াসেই ছয়ে খেলানো যেত নাঈমকে। নাঈমের বোলিং যদি বাদও দেওয়া হয়, মাহমুদউল্লাহর ওই তিন-চার ওভার বোলিং তো মুমিনুল-নাসিররাই করে দিতে পারেন!

নাঈমের মনোজগতের কথাও একবার ভাবুন। শুধু রান সংখ্যায় নয়, গত সিরিজে নাঈমের ব্যাটিংয়ের ধরনে উন্নতিটা ছিল চোখে পড়ার মতো। স্ট্রেট ও কাভার ড্রাইভ খেলেছিলেন দুর্দান্ত, ম্যাচের পরিস্থিতি পড়ে নেওয়ার উন্নতিটা ছিল চোখে পড়ার মতো। এত ভালো করার পরও বাদ দেওয়ায় তো নড়ে যেতেই পারে তাঁর আত্মবিশ্বাস! ক্রিকেট এতটাই মনস্তাত্ত্বিক খেলা, অনেক প্রশ্ন ঘুর ঘুর করতে পারে নাঈমের মাথায়। সেটার প্রভাব যে ব্যাটিংয়ে পড়বে না, সেই নিশ্চয়তা কে দেবে!
নাঈম খেললেই যে এই সিরিজেও ভালো করতেন বা দল জিতত, সেই নিশ্চয়তা নেই। আজ হয়তো খেলবেন, ফিরতে পারেন শূন্য রানেও। কিন্তু সেই অনিশ্চয়তা ক্রিকেটের নিত্যসঙ্গী, দল নির্বাচনে বোধের পরিচয়টা তো দিতে হবে! সিদ্ধান্তটি মুশফিকের একার ছিল না অবশ্যই। তবে দলের স্বার্থে অধিনায়ককে কখনো হতে হয় বিপ্লবী, কখনো গোঁয়াড়। মুশফিক সেটা পারেননি, দায়টা তাঁকেই নিতে হবে সবচেয়ে বেশি।