সেরা মারাকানা
মারাকানা—শুধুই একটি ফুটবল স্টেডিয়াম নয়, ব্রাজিলিয়ানদের কাছে আরও বেশি কিছু। ইট-পাথরের স্থাপনাটির সঙ্গে জড়িয়ে আছে ব্রাজিলিয়ানদের অন্য রকম আবেগ। মারাকানা হলো ব্রাজিলের ফুটবল-তীর্থ। শুধু ইতিহাস-ঐতিহ্যেই নয়, মারাকানা সেরা অবকাঠামোগত দিক থেকেও। সম্প্রতি এক জরিপেই প্রমাণিত হয়েছে সেটা। ব্রাজিলের শীর্ষ লিগের খেলোয়াড়-কোচদের ভোটে দেশসেরা স্টেডিয়াম নির্বাচিত হয়েছে মারাকানা।
ব্রাজিলের সিরি ‘আ’ চ্যাম্পিয়নশিপের ২৯২ জন ফুটবলার ও কোচদের মধ্যে চালানো হয়েছিল এই জরিপ। তালিকায় মারাকানার পরেই আছে মিনেইরাওয়ের বেলো হরিজেন্তো স্টেডিয়াম। শীর্ষ পাঁচে পর্যায়ক্রমে আছে সালভাদরের অ্যারেনা ফন্তে নোভা, সাও পাওলোর মরুম্বি স্টেডিয়াম ও ব্রাসিলিয়ার মান গারিঞ্চা স্টেডিয়াম। শীর্ষ পাঁচের একমাত্র মরুম্বি স্টেডিয়ামটিই বিশ্বকাপের ভেন্যু তালিকায় নেই। স্টেডিয়ামের প্রবেশপথ, খেলোয়াড়দের ড্রেসিংরুম, আলোর ব্যবস্থা, খেলার মাঠ, আবহাওয়া, নিরাপত্তাব্যবস্থাসহ আরও অনেক কিছুর ভিত্তিতে চালানো হয়েছিল জরিপ। ওয়েবসাইট।