আগামী সেপ্টেম্বরে পা দেবেন বত্রিশে। সেরেনা উইলিয়ামস ক্যারিয়ারের গোধূলিতেই দাঁড়িয়ে আছেন। আর এখানে দাঁড়িয়ে মার্কিন টেনিস তারকার পরিকল্পনাটা খুব সরল। শুধু পরের টুর্নামেন্টটা নিয়েই ভাবো ও সেটি উপভোগ করো! তা সেরেনা উপভোগের আনন্দেই ডুবে আছেন। সেই উপভোগের বলি হচ্ছেন একের পর এক প্রতিপক্ষ। এই সময়েও যেমন খেলছেন, সেরেনাকে অস্তগামী সূর্য তো মনে হচ্ছেই না, তিনি যেন মধ্যাহ্নের গনগনে সূর্য। শেষ ৩৭ ম্যাচে ৩৬ জয়, আগামীকাল শুরু অস্ট্রেলিয়ান ওপেনের মেয়েদের বিভাগে অবিসংবাদিত ফেবারিট ছোট উইলিয়ামসই। ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের হাতছানি দেখা সেরেনা ক্যারিয়ারের নবজন্ম দেখেছেন গত বছরের উইম্বলডনে। উইম্বলডনের পর লন্ডনেই জিতেছেন অলিম্পিকের সোনা। জিতেছেন ইউএস ওপেন ও বছর শেষের ডব্লুটিএ চ্যাম্পিয়নশিও। আর ২০১৩ সালের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক ব্রিসবেন টুর্নামেন্ট জিতে যেন ঘোষণা দিলেন এ বছরটাও হতে যাচ্ছে তাঁর। সেরেনার জন্য অনুপ্রেরণার উৎস আছে আরও। মেলবোর্ন পার্কে শিরোপা হাতে তোলার পর ফ্রেঞ্চ ওপেনটা জিতলেই যে ১০ বছর পর আবারও হয়ে যাবে ‘সেরেনা স্লাম’। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়ান ওপেন জিতেই প্রথম টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছিলেন সেরেনা। রয়েছেন অবিশ্বাস্য ফর্মে, তাই সেরেনার চোখ ক্যালেন্ডার গ্র্যান্ড স্লামে। তার পরও ভাবছেন কাজটা খুব কঠিন। প্রধান দুই প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভার বিপক্ষে তাঁর দুর্দান্ত অতীত রেকর্ড মাথায় আছে। কিন্তু এটাও জানেন, বছরের চারটি গ্র্যান্ড স্লাম জেতা কত কঠিন। ১৯৮৮ সালে স্টেফি গ্রাফের পর আর কেউ এটা পারেননি। ইতিহাসের পুনরাবৃত্তি করতে চেয়েও সেরেনা তাই বললেন, ‘এটা অবিশ্বাস্য এক লক্ষ্য। আশির দশকের পর থেকে যেটা আর হয়নি। আমি জানি না আমি এটি পাব কি না। হয়তো অন্য কেউ জিতবে। দেখা যাক কী হয়!’অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনার বিপক্ষে বাজি ধরার লোক খুব কমই আছে। তবে মেলবোর্ন পার্কে সেরেনাকে নিয়ে উদ্বেগের বিষয় একটিই। মাঝেমধ্যেই খেলা থেকে যেন হারিয়ে যান। অলিম্পিকের ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-০, ৬-১ গেমে উড়িয়ে যেমন দিয়েছেন তেমনি আবার কোনো কোনো ম্যাচে নাম দেখেই তাঁকে চিনে নিতে হয়েছিল। গত অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচটাই এর উদাহরণ। অখ্যাত একাতেরিনা মারাকোভার কাছে ৬-২, ৬-৩ গেম হেরেই বিদায় নিয়েছিলেন সেরেনা। ১৫টি গ্র্যান্ড স্লাম জেতা হয়ে গেছে। এখন সেরেনার সামনে ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভাকে ছোঁয়ার হাতছানি। আর তিনটি গ্র্যান্ড স্লাম জিতলে এই দুজনকে ধরে ফেলবেন, উঠে যাবেন সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের তালিকার চারে। তবে গত বছর যখন ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিলেন সেরেনা, সবাই ধরে নিয়েছিলেন ১৩টি গ্র্যান্ড স্লাম নিয়েই ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন চোট ও প্রাণঘাতী অসুখে ভোগা সেরেনা। এর আগের দুটি বছরে কম ঝামেলা পোহাতে হয়নি তাঁকে। ২০১০ ও ২০১১ সালে টানা ১১ মাস ছিলেন খেলার বাইরে। মিউনিখের এক রেস্তোরাঁয় কাচ পড়ে পা কেটে যাওয়ার পর দু-দুবার অস্ত্রোপচার করিয়েছেন। ফুসফুসে জমাট বেঁধেছিল রক্তপিণ্ড, এতে প্রাণই যেতে পারত তাঁর। পাকস্থলীতেও দেখা দেয় সমস্যা। এই ‘যুদ্ধে’ জিতে আসার কারণেই হয়তো সেরেনা এখন জীবনটাকে সহজ করে দেখেন! একবার টেনিস ম্যাগাজিনে এক খোলা চিঠিতে সেরেনার দৃষ্টিভঙ্গির সমালোচনা করে ক্রিস এভার্ট লিখেছিলেন খেলাটির প্রতি কোনো দায়বদ্ধতা নেই ছোট উইলিয়ামসের। নতুন সেরেনাকে দেখে সেই সমালোচক এভার্টই এখন বলতে বাধ্য হলেন, ‘আমরা এখন চুপ। গত নয় মাসে সে প্রমাণ করেছে সুস্থ থাকলে অন্য সবার চেয়ে অনেক ওপরে তার স্থান।’ রয়টার্স, এএফপি।