নিজে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। হাতের মুঠোয় ধরা শ্রেষ্ঠত্বের স্মারক। কিন্তু মুখে একটুও হাসি নেই বিজেএমসির ডিফেন্ডার ইয়াসমিন আক্তারের। ওয়ালটন জাতীয় ভলিবলের ফাইনালে আনসারকে হারিয়ে এবার প্রতিশোধ নিতে চেয়েছিলেন পাবনার মেয়ে। কিন্তু সোয়া দুই ঘণ্টার প্রতিদ্বন্দ্বিতামুখর ফাইনালে শেষ পর্যন্ত তাঁর দল বিজেএমসিকে ৩-২ সেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আনসার। অথচ একটা সময় পর্যন্ত ২-০তে এগিয়ে ছিল বিজেএমসি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপাই জিতে নেয় আনসারের মেয়েরা। এটা আনসারের টানা চতুর্থ শিরোপা।তবে মেয়েদের মতো অতটা প্রতিদ্বন্দ্বিতা ছিল না পুরুষ বিভাগে। বরাবরের মতোই দাপট দেখিয়েছে সেনাবাহিনী। বিমানবাহিনীকে ৩-০ সেটে হারিয়ে জিতল হ্যাটট্রিক শিরোপা; ২৬ বারের মধ্যে ১৩ বারই চ্যাম্পিয়ন সেনাবাহিনী! সেনাবাহিনী অধিনায়ক আসলাম হোসেন বললেন এমন সাফল্যের রহস্য, ‘সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী। আমরা সারা বছর অনুশীলনের মধ্যেই থাকি। জাতীয় দলকে যদি এমন অনুশীলন করাতে পারে ফেডারেশন, তাহলে জাতীয় দলও অনেক সাফল্য পাবে।’ বিজেএমসির হারের জন্য গরমকেই দুষলেন ইয়াসমিন, ‘প্রচণ্ড গরমে মেয়েরা শেষ দিকে দম নিতে পারছিল না।’ পুরুষ বিভাগের সেরা হয়েছেন সেনাবাহিনীর ইমদাদুল হক।