কিছু কিছু ব্যাটসম্যানের কাছে বল হচ্ছে পেটানোর বস্তু। এ রকম একজন হচ্ছেন ভিভ রিচার্ডসদের উত্তরসূরি কাইরন পোলার্ড। কাল মোহালিতে আইরিশ বোলারদের পিটিয়ে মাত্র ৫৫ বলে করেছেন ৯৪ রান। ৮টি চার ও ৫টি ছয়ের সমাহারে সাজানো ইনিংসটির স্ট্রাইক রেট ১৭০.৯০। বিশ্বকাপে কমপক্ষে ৫০ বল খেলা ইনিংসে এটা দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট। কালকে ৯ ওভারে ৭১ রান দেওয়া কেভিন ও’ব্রায়েন ঠিক আগের ম্যাচটিতে ইংলিশ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে ৬৩ বলে ১১৩ রান করেছিলেন ১৭৯.৩৬ স্ট্রাইক রেটে। এখন পর্যন্ত এটাই এক নম্বরে। তৃতীয় স্থানে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গ্রায়েম স্মিথের ৫৮ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংসটি (১৫৩.৪৪)। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মার্ক বাউচারের ৮ চার ও ১০ ছক্কায় সাজানো ৬৮ বলে হার না-মানা ১৪৭ রানের ইনিংসটির স্ট্রাইক রেট ছিল ২১৬.১৭। ওয়ানডেতে এটাই সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস।