সেরা ১১-তে সিদ্দিকুর
আগের দিনটা সেরা আটে থেকে শেষ করেছিলেন। কাল শেষ দিনে গেলেন একটু পিছিয়ে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ক্লাসিক বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান শেষ করেছেন সেরা ১১-তে থেকে। চারজনের সঙ্গে সেরা ১১-তে থাকলেও সিদ্দিকুর এই টুর্নামেন্ট থেকে পাবেন ১ লাখ ২১ হাজার ২৫০ মার্কিন ডলার, মানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৬ লাখ টাকা।নিজের খেলা সবচেয়ে বড় টুর্নামেন্ট থেকে কত পেলেন, সেটি নিয়ে অবশ্য ভাবছেন না সিদ্দিকুর। উল্টো বললেন, ‘এখনো জানি না কত টাকা জিতেছি। অনেক বড় অঙ্কের তো হবেই। তবে আমি ক্যারিয়ারে অনেক দূর যেতে চাই। টাকা-পয়সা নিয়ে তাই ভাবছি না। এখানে আমার লক্ষ্য ছিল বড় বড় খেলোয়াড়ের কাছ থেকে কিছু শেখা।’এই প্রথমবারের মতো পিজিএ ট্যুরের বড় কোনো আসরে অংশ নিলেন সিদ্দিকুর। শেখার ব্যাপারটা তাই থাকেই। সিদ্দিকুরও টুর্নামেন্ট-লব্ধ অভিজ্ঞতাটাকেই দেখছেন বড় করে। সঙ্গে যে ফলাফলটা করলেন, সেটাতেও খুশি বাংলাদেশের এক নম্বর গলফার, ‘ভালো শুরু ছিল আমার। সব মিলিয়ে কেমন যে লাগছে সেটা বলে বোঝাতে পারব না। এখানকার ফলাফলে আমি খুবই রোমাঞ্চিত। দারুণ একটা সপ্তাহ গেল।’ এশিয়া প্যাসিফিক ক্লাসিকের ফলাফলটাকে নিজের জন্য একটা মাইলফলক হিসেবেই দেখছেন তিনি, ‘আমার নিজের জন্য দারুণ এক উদাহরণ হয়ে থাকবে এটা। এখানে বড় খেলোয়াড়েরা খেলেছেন এবং আমার এখন মনে হচ্ছে আমিও তাদের চেয়ে কম নই।’সিদ্দিকুরের সাফল্য ভালোই উদ্যাপন করেছে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। ‘বাংলা বাংলা’, ‘সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই’ স্লোগানে স্বদেশি গলফারকে কম উৎসাহ দেননি তাঁরা। যদিও তৃতীয় রাউন্ডের চেয়ে চতুর্থ রাউন্ডে একটু খারাপই হয়েছে তাঁর পারফরম্যান্স। তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ৬ শট কম খেললেও কাল চতুর্থ রাউন্ডে পারের চেয়ে খেলেছেন দুই শট কম। চার রাউন্ডে পারের চেয়ে মোট ১৩ শট কম খেলেছেন সিদ্দিকুর। ফলাফলের তালিকায় সেরা ১১-তে থাকলেও পারফরম্যান্সের দিক দিয়ে সেরা পাঁচেই আছেন বাংলাদেশের এই গলফার।চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টে ১০ লাখ ডলার জিতেছেন যুক্তরাষ্ট্রের বেন ক্রেন। সিদ্দিকুরের সঙ্গে যৌথভাবে সেরা ১১-তে আছেন যুক্তরাষ্ট্রেরই দুই গলফার টম গিলিস ও রিকি বার্নেস এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম স্কট।