সেরা ১৬-ই নকআউটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

ঘটনাবহুল প্রথম পর্ব শেষ । বিশ্বকাপ এখন নকআউট পর্বে ঢুকে পড়ল। এই পর্বে হাসি-আনন্দের দুই রকম ছবি দেখব।
সেরা ১৬টি দলই বিশ্বকাপে টিকে আছে । ‘হারলেই বিদায়’ পর্বে যোগ্যতার প্রমাণ দিয়েই এসেছে সবাই । হ্যাঁ, বলতে পারেন স্পেন, ইতালির মতো দলের ছিটকে পড়া বড় অঘটনই। তবে নাম দিয়ে আধুনিক ফুটবল হয় না, এটা প্রমাণিত। মাঠে খেলতে হবে এবং সেখানেই স্পেন-ইতালি ব্যর্থ। কোস্টারিকার মতো দল চমক জাগিয়ে উঠল দ্বিতীয় রাউন্ডে।
ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে প্রথম আলোর বিশেষ সংখ্যায় লিখেছিলাম, এই বিশ্বকাপ হতে যাচ্ছে লিওনেল মেসির। গোল্ডেন বুটের দৌড়ে তাঁকেই এক নম্বরে রাখি। মেসি এখন পর্যন্ত এক নম্বরেই আছেন। চার গোল করে তাঁর সঙ্গী অবশ্য নেইমার-মুলার। গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির পর রেখেছিলাম মুলারকে। তবে নেইমার-মুলারসহ সবাইকে ছাপিয়ে গ্রুপপর্বে মেসিই সবচেয়ে বেশি মনে দাগ কেটেছেন।
গত দুটি বিশ্বকাপে তেমন কিছু করতে পারেননি, এটিই কার্যত মেসির শেষ বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে বয়স হবে ৩১। তত দিনে সেরা ফর্মে থাকার সম্ভাবনা কম। সুতরাং তাঁকে যা করার এবারই করতে হবে। সেই অনুযায়ীই এগোচ্ছে সব। আমার বিশ্বাস, ম্যারাডোনার মতো আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চলেছেন মেসি।
সেই স্বপ্নযাত্রা না থামলে সেমিফাইনালে আর্জেন্টিনা পেতে পারে হল্যান্ডকে। ওই ম্যাচেও আর্জেন্টিনার ভরসার নাম হবে মেসি। লড়াইটা হয়ে যাবে হল্যান্ড বনাম মেসি। আরেকটি সেমিফাইনাল ব্রাজিল-জার্মানি হওয়ার সম্ভাবনা প্রবল। সেমিতেই আসলে ইউরোপ আর লাতিন শক্তির তুলনামূলক একটা বিশ্লেষণ আমরা পাব। প্রথম পর্বে সেই সুযোগ ছিল না।
প্রথম রাউন্ডে যতটুকু দেখলাম, ইউরোপিয়ানরা নামের প্রতি তেমন সুবিচার করতে পারছে না। স্পেন, ইতালি ও ইংল্যান্ড তো বিদায়ই নিল। জার্মানি, হল্যান্ড, ফ্রান্স টিকে আছে। ইউরোপের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বেলজিয়াম। তবে অনিশ্চয়তায় ভরা এই বিশ্বমঞ্চ ছেড়ে কারা কখন বিদায় নেয় বলা মুশকিল। কোপটা বেশি পড়ছে কিন্তু ইউরোপের ওপরই।
দক্ষিণ আমেরিকার আবহাওয়া একটা কারণ হতে পারে। তবে আমি বলব, ইউরোপের খেলোয়াড়েরা খেলতে খেলতে ক্লান্ত। ১০ মাস ফুটবল খেলার পর এই সময়টা ইউরোপিয়ানদের পুনর্বাসনের সময়। অথচ এখন তাদের বিশ্বকাপ খেলতে হচ্ছে। এই সমস্যাটা দক্ষিণ আমেরিকানদের খুব একটা নেই। বলতে পারেন লাতিন ফুটবলাররাও ইউরোপে খেলছে, তাদের সমস্যা হচ্ছে না কেন? আর্জেন্টিনা-ব্রাজিলের সব খেলোয়াড় ইউরোপে খেলে না, এটা বুঝতে হবে। বড় বড় লিগে কয়েকজন খেলে, বাকিরা ছোট লিগে। অনেকটা ফুরফুরে থেকেই লাতিনরা বিশ্বকাপে খেলতে আসে।
অথচ রোনালদোর কী দুর্দশা! বিশ্বকাপ না থাকলে এখন তিনি পুনর্বাসনে থাকতেন। কিন্তু সেটা সিন্দুকে ঢুকিয়ে রেখে আসতে হলো বিশ্বকাপে। ক্লান্তি এবং টানা খেলার ধকল তাঁর বিশ্বকাপ শেষ করে দিল গ্রুপপর্বেই। ইউরোপের খেলোয়াড়দের খেলোয়াড়দের জীবনীশক্তি অনেকটাই শুষে নেয় চ্যাম্পিয়নস লিগ।যেটির প্রভাব এই বিশ্বকাপে পড়েছে। কখনো কখনো বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়নস লিগটাকে কঠিন লাগে আমার কাছে। বিশ্বকাপে আপনি একটি-দুটি দুর্বল দল পাবেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে এটা পাওয়া যায় না ।
আরেকটি দিক, বিশ্বকাপের কোচদের মধ্যে রাশিয়ার কোচ ফ্যাবিও ক্যাপেলোই সর্বোচ্চ পারিশ্রমিক পান (বছরে ৬ মিলিয়ন পাউন্ড, যা প্রায় ১ কোটি ১৩ লাখ ডলার)। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের রয় হজসন, ৩.৫ মিলিয়ন পাউন্ড, ৫৮ লাখ ৭৪ হাজার ডলার। অন্যদিকে বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলার পারিশ্রমিক বছরে ১ কোটি ৭০ লাখ পাউন্ড বা ২ কোটি ৪০ হাজার ডলার। এই তথ্যই বলে দেয় চ্যাম্পিয়নস লিগের অবস্থান কোথায়।
তবে বিশ্বকাপ তো বিশ্বকাপই, এটা জেতার অনুভূতি অনন্য। তাই বিশ্বকাপ জিততে দেশে দেশে অনেক পরিশ্রম, অনেক সাধনা, কোচদের নিরলস কাজ করে যেতে হয়। তবে প্রথম পর্বে সে অর্থে নতুন কিছু দেখিনি। কোচদের ছক বা খেলার মান, একটু এদিক-সেদিক করে মোটের ওপর একই আছে। একেক কোচের একেক ছক পছন্দ, কেউ ৪-৩-৩, কেউ ৪-২-৩-১। এসব আসলে ম্যাচে বড় কোনো দাগ ফেলে না। আসল কথা, খেলোয়াড়ের মান অনুযায়ীই কোচ রণকৌশল সাজান।
দ্বিতীয় পর্বে সেই রণকৌশলে একটু ভুল হলেই বিদায়। প্রথম পর্বটা শিহরণ জাগিয়ে গেল, দ্বিতীয় পর্বে তো সেটি বাড়বেই।