সেরাটা জমিয়ে রেখেছেন গেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল
ক্রিস গেইল

প্রথমে পাকিস্তানকে হারানো। তারপর ফেবারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়। পুঁচকে আমিরাতকে উড়িয়ে দিল তারা। চ্যাম্পিয়নের মতোই বিশ্বকাপটা শুরু করেছে ভারত। টানা তিন জয়ে আকাশে উড়তে থাকা ভারতের সামনে এবার ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ৬ মার্চ পার্থের এই ম্যাচটি কি ভারত প্রথম দুই ম্যাচের মতো সহজেই জিততে পারবে? রিচি রিচার্ডসন অন্তত তেমনটি মনে করেন না। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক এবং বর্তমান দলের ম্যানেজার রিচার্ডসনের বিশ্বাস, ভারতের বিপক্ষে বরং ক্যারিবিয়ানরাই জিততে যাচ্ছে, ‘ভারত বড় দল এবং টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। কিন্তু ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা এর জন্য প্রস্তুত। খেলোয়াড়েরা ম্যাচটির গুরুত্ব বোঝে এবং আমরা ওটা জিততে যাচ্ছি।’
রিচার্ডসনকে এই বিশ্বাস জোগাচ্ছে পার্থে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড, ‘পার্থ আমাদের পয়া ভেন্যু। শুক্রবার তাই ভারতকে হারাব বলেই মনে করি আমরা।’ পার্থে ১৯টি ওয়ানডে খেলে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টিতেই। হেরেছে ৮টিতে।
তবে ফর্মের তুঙ্গে থাকা ভারতের বিপক্ষে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে সেরা খেলাটা খেলতে হবে এবং সেরাটা দেখাতে হবে বিশ্বকাপের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান ক্রিস গেইলকেও। রিচার্ডসন এটি জানেন বলেই বিস্ফোরক ওপেনারের কাছে দুর্দান্ত একটা ইনিংস আশা করেন, ‘গেইল খুব ঠান্ডা মাথার লোক। মাত্র এক গ্লাস শ্যাম্পেন দিয়ে ডাবল সেঞ্চুরি উদ্যাপন করেছে সে। জানে, তার এখনো অনেক করার বাকি। হয়তো ভারতের জন্যই সেরাটা জমিয়ে রেখেছে সে।’ ভারতের বিপক্ষে গেইল যদি জ্বলে উঠতে পারেন বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের চেহারাটাই বদলে যাবে বলে মনে করেন ৮৬ টেস্ট এবং ২২৪টি ওয়ানডে খেলা রিচার্ডসন।
বিধ্বংসী গেইলের সঙ্গে এই বিশ্বকাপে আলোচিত আরেকটি নাম এবি ডি ভিলিয়ার্স। দুজনের তুলনা করতে গিয়ে রিচার্ডসন বলেছেন, ‘গেইল ও ডি ভিলিয়ার্স দুজনই মেধাবী ক্রিকেটার। গেইল শক্তিশালী ও বিধ্বংসী। এবি বেশি মেধাবী। ব্যাটিংয়ে সে তার উদ্ভাবনী ক্ষমতা দেখিয়েই চলেছে।’
পার্থের ম্যাচে ভারত জিতুক বা না-ই জিতুক, ভারত শিরোপার অন্যতম দাবিদার। রিচার্ডসনের ভাষায়, ‘ভারতীয় দলে মেধাবী ক্রিকেটারদের সমাহার। যারা একাই ম্যাচ বের করে আনার ক্ষমতা রাখে। ব্যাটিংই তাদের শক্তিশালী দিক। বড় টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতাও ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।’ ইন্ডিয়া টুডে।