সেরাদের এক পরীক্ষার রাত
শনিবার-রোববারের রাত মানেই ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই। মেসি, রোনালদো, সুয়ারেজ, নেইমার, ইব্রা, কাভানি, তেভেজদের তারা হয়ে আলো ছড়ানো। মাদ্রিদ, লন্ডন, প্যারিস কিংবা মিলানে। বুন্দেসলিগা ছাড়া ইউরোপের প্রায় সবগুলো লিগেই এ সপ্তাহেও দেখা যাবে সেই আলোকছটা। চলুন জানা যাক, বড় তিনটি লিগে পরাশক্তিদের এ সপ্তাহের ম্যাচ সম্পর্কে
মুখোমুখি শীর্ষ দুই দল
আধা ঘণ্টার মতো খেলেছেন, তাতেই রাজকীয় প্রত্যাবর্তন লিওনেল মেসির। গেটাফের বিপক্ষে ম্যাচে না খেলা নেইমারও পুরো ফিট। সানচেজ, ফ্যাব্রিগাস আর পেদ্রোরা একাদশে জায়গা পেতে নিজেদের মধ্যে লড়ছেন। ভিসেন্তে ক্যালদেরনে এই বার্সেলোনাকে আজ সামলাতে পারবে অ্যাটলেটিকো মাদ্রিদ?
এই মৌসুমে ডিয়েগো সিমিওনের দলের ফর্ম বলছে, ওরা ভালোভাবেই পারবে। এই অ্যাটলেটিকোই গত সেপ্টেম্বরে সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এসেছে। লিগে এই মুহূর্তে দুই দলের পয়েন্ট সমান হলেও বার্সেলোনা শীর্ষে গোল ব্যবধানের কল্যাণে। এ ম্যাচে ড্র ছাড়া অন্য ফল হলেই দুই দলের মধ্যে হবে ব্যবধান এবং সে কারণেই ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বার্সেলোনা মিডফিল্ডার জাভি, ‘অ্যাটলেটিকোর সঙ্গে এই ম্যাচটা লিগের জন্যও গুরুত্বপূর্ণ। এমন নয় যে এটাই শিরোপা নির্ধারণী ম্যাচ, তবে এটা জিততে পারলে একটা স্পষ্ট সংকেত দেওয়া যাবে সবাইকে।’ জাভির সঙ্গে মতান্তর নেই অ্যাটলেটিকো মিডফিল্ডার কোকেরও, ম্যাচটা গুরুত্বপূর্ণ, কারণ এটা লিগের শীর্ষ দুই দলের ম্যাচ। তবে এটাই একমাত্র ম্যাচ নয়, কারণ মৌসুমের পুরো দ্বিতীয়ার্ধ রয়ে গেছে।
বার্সা-অ্যাটলেটিকোর পরের দিন মাঠে নামছে আরেক শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ। কর্নেলা স্টেডিয়ামে কাল তাদের প্রতিপক্ষ এসপানিওল।