সেরার মুকুট বার্সেলোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃশ্বাস-দূরত্বে পাশ কাটিয়ে গেলেন। তার পরও ট্রফিটার দিকে একবার চোখ তুলে তাকালেন না অ্যালেক্স ফার্গুসন। রক্তাভ মুখে চুইংগাম চিবানোর ক্লান্তি। তার চেয়েও বেশি ক্লান্তি কোচ হিসেবে তাঁর সাঁ-ই-ত্রি-শ বছরের অভিজ্ঞতা মার খাওয়ায়। স্যার ফার্গির পেছনে সারি বেঁধে ঢুকলেন শিষ্যরা। রানার্সআপ হওয়াও কম কীসে! কিন্তু সেই মেডেল গলায় ঝোলাতেও কত অনীহা! তিতকুটে চিরতা পান করেছেন এমন একটা মুখভঙ্গি নিয়ে মিশেল প্লাতিনির হাত থেকে মেডেল নিলেন রুনি-নানিরা। গিগস তো পরলেনই না। হাতে নিয়ে চলে গেলেন। যেন ক্যামেরার ফোকাস থেকে বেরোতে পারলেই বাঁচেন।এর পরই পেপ গার্দিওলার নেতৃত্বে একে একে পুরস্কার বিতরণী মঞ্চে বার্সার খেলোয়াড়দের আগমন। ম্যানইউর একেবারেই উল্টো ছবি। কেউ হাসছেন, কেউ হেড়ে গলায় গাইছেন। কেউ পাশের সঙ্গীর সঙ্গে খুনসুটিতে মত্ত। সাধারণত সবার শেষে ঢোকেন অধিনায়ক। মেডেল গলায় পরে হাতে তুলে নেন ট্রফি। কিন্তু কার্লোস পুয়োল নন; সবার শেষে এলেন এরিক আবিদাল। আরও বিস্ময়ের সঙ্গে আবিষ্কৃত হলো তাঁর বাহুতে অধিনায়কের বন্ধনী! হ্যাঁ, পুয়োল নন; অধিনায়ক হিসেবে ট্রফি নিলেন আবিদাল; যে আবিদাল ক্যানসারকে হারিয়ে আবারও ফিরেছেন ফুটবল মাঠে। ব্যক্তিগত স্বার্থপরতাকে টেমস নদীতে ভাসিয়ে দিলেন পুয়োল। ট্রফি হাতে নেওয়ার গর্বিত মুহূর্তটা দান করে দিলেন আবিদালকেই। ফরাসি ডিফেন্ডার শুধু ট্রফি উঁচিয়ে ইউরোপের ক্লাব ফুটবলে বার্সার শ্রেষ্ঠত্বই ঘোষণা করলেন না; একই সঙ্গে গাইলেন সেই জয়গানও—‘বার্সেলোনা, মোর দ্যান আ ক্লাব।’ধারাভাষ্যকারেরা এই সৌহার্দ্যে মন্ত্রমুগ্ধ। তাঁদের কণ্ঠে স্তুতির অনর্গল স্রোত। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানইউকে ৩-১ গোলেই শুধু হারায়নি; বার্সেলোনা জিতে নিয়েছে মানবিকতার শিরোপাও। আগের ৯০ মিনিটে মাঠে তারা পুরো বিশ্বকে বিনীত অহংকারে দেখিয়ে দিয়েছে, ‘দ্যাখো, ফুটবলটা এভাবেই খেলতে হয়।’ এরপর যেন দেখিয়ে দিতে চাইল, ‘দ্যাখো, মাঠের বাইরেও এমন মানবিক হতে হয়।’ফার্গুসন তাই সত্যি কথাটাই বলেছেন ম্যাচ শেষে। বলেছেন, এই পরাজয়ে দুঃখ নেই। চ্যাম্পিয়নস লিগ শিরোপার চেয়েও আরও বড় স্বীকৃতি বার্সেলোনা পেল এই প্রবীণ কোচের কাছ থেকে, ‘আমার কোচ জীবনে মুখোমুখি হওয়া এই দলটাই সেরা। আমি মনে করি, সবাই সেটা স্বীকারও করবে। আমি নিজে সেটা মেনে নিয়েছি। এভাবে একচ্ছত্র পরাজয়ের পর অন্য কিছু বলাও যায় না। আমাদের এতটা কোণঠাসা আর কেউই করতে পারেনি। তাদের জন্য এটা অনন্য এক মুহূর্ত। এই শিরোপার যোগ্য তারাই। কারণ তারা ঠিকভাবেই খেলেছে, নিজেদের খেলাটা উপভোগ করেছে।’ম্যাচের সেরা লিওনেল মেসির জন্যও আলাদা করে প্রশংসা করলেন, ‘তারা আসলে পাসিং ফুটবল খেলে আমাদের সম্মোহিত করে ফেলেছিল। মেসিকে আমরা নিয়ন্ত্রণ করতেই পারিনি। ওয়েইন রুনির গোলটা দিয়ে আমরা যখন সমতায় ফিরলাম, আশা করেছিলাম, দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারব। কিন্তু সেটা পারিনি।’এই আশা অনেকেই করেছিল। ম্যাচের প্রথম ১০ মিনিটে দাপুটে খেলার পরই ম্যাচ থেকে ধীরে ধীরে সরে যেতে থাকে ম্যানইউ। ২৭ মিনিটে পেদ্রো করেন প্রথম গোল। সাত মিনিট পরেই ম্যানইউকে ম্যাচে ফিরিয়ে আনেন রুনি। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক রূপে ফিরে আসে বার্সা। ৫৪ মিনিটে মেসির গোল ম্যাচ থেকে একরকম ছিটকেই ফেলে ম্যানইউকে। ৬৯ মিনিটে কফিনে শেষ পেরেক ঠোকেন ৭ ম্যাচ পর গোল পাওয়া ডেভিড ভিয়া। গার্দিওলার দ্বিতীয় আর বার্সার চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় ওতেই।বিষণ্নতার জনসমুদ্রে পরিণত হওয়া ম্যানইউ শিবিরের কাছ থেকে শেষ বিদায় নিয়ে নেন এডউইন ফন ডার সার। পাঁড় বার্সা সমর্থকের জন্যও এই ডাচ গোলরক্ষকের সেই কান্নাচাপা বিদায় ছিল বেদনাবিধুর। ওয়েবসাইট।