সেরার মুকুট মোহন-বিউটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে এবার জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিতে পারেননি শামসুন নাহার (চুমকি)। গত সামার মিটের দ্রুততম মানবী না খেললেও মারাত্মক স্নায়ুচাপে ভুগছিলেন ট্র্যাকের পাশে দাঁড়িয়ে। কে হচ্ছেন এবারের দ্রুততম মানবী—এই টেনশনে শুধু বসছিলেন আর উঠছিলেন।বাজি ধরেছিলেন যাঁর পক্ষে, সেই নাজমুন নাহার বিউটিই দ্রুততম মানবীর মুকুট মাথায় তুলেছেন। ইলেকট্রনিক টাইমিংয়ে বিউটির সময় ১২.৬২ সেকেন্ড। দ্রুততম মানবও পুরোনো মুখ—গত জাতীয় চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী সেনাবাহিনীর মোহন খান। তাঁর টাইমিং ১১.২২ সেকেন্ড।বাংলাদেশের অ্যাথলেটের রুগ্ণদশারই যেন বহিঃপ্রকাশ এই জাতীয় অ্যাথলেট। নতুন মুখ বেরিয়ে আসুক, এই প্রত্যাশা থাকে সবার। কিন্তু সব ইভেন্টে সেই পুরোনো মুখগুলোরই ভিড়। ২০০৫ সাল থেকে টানা আটবার দ্রুততম মানবী হলেন বিউটি। গত সামার মিটে অবশ্য ফলস স্টার্টের কারণে বাদ পড়েছিলেন, জিতেছিলেন চুমকি। মোহন খান গত সামার মিটে বিমানবাহিনীর হাফিজুল ইসলামের কাছে হারলেও কাল আবার নিজেকে প্রমাণ করলেন।নতুন মুখ উঠে আসছে না। এটা কি নিজেদের যোগ্যতা, নাকি অ্যাথলেটের বড়ই অভাব? বিউটিও কিন্তু নতুনের কেতন ওড়ানোর পক্ষেই, ‘টানা আটবার চ্যাম্পিয়ন হয়ে ভালোই লাগছে। তবে আমিও চাই নতুন মুখ উঠে আসুক। তা না হলে যে প্রতিযোগিতা জমে না।’ মাঝখানে ছন্দপতনে দুশ্চিন্তায় ভুগছিলেন মোহন খান, ‘সামার মিটে খারাপ পারফরম্যান্স করার পর খুবই ভয় পেয়েছিলাম। এর পর থেকেই আবারও জোর দিয়ে অনুশীলন করি। খেতাবটা ধরে রাখতে পেরে খুবই আনন্দ হচ্ছে।’ পুুরুষ হার্ডলসে (১১০ মিটার) সোনা জিতেছেন বিজিবির আসাদুল ইসলাম। সামার মিট, ইন্দো-বাংলা ও জাতীয় প্রতিযোগিতা মিলিয়ে ৯টি সোনা জিতলেন চুয়াডাঙ্গার তরুণ। বাংলাদেশ জেলের সুমিতা রানী দাস ২০০৩ সাল থেকে টানা জিতে চলেছেন ১০০ মিটার হার্ডলস। মাঝে শুধু ২০০৯ সালে আনসারের জেসমিনের কাছে হেরেছিলেন। এবারও হার্ডলসের সোনা সুমিতারই। দীর্ঘ লাফে নৌবাহিনীর আল আমিনের এবার সবচেয়ে বাজে পারফরম্যান্স। ৭.১৯ মিটার উচ্চতায় গত এসএ গেমসে ব্রোঞ্জজয়ী এই অ্যাথলেট এবার হয়েছেন তৃতীয়। লাফিয়েছেন ৭.০১ মিটার। অথচ এই আল আমিনই ২০০৯ সালে ৭.৬১ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। এই ইভেন্টে প্রথমবারের মতো সোনা জিতলেন সেনাবাহিনীর ফিরোজ সরকার (৭.২১ মিটার)। পারফরম্যান্সের অধোগতি উচ্চ লাফেও। এখানে একচ্ছত্র আধিপত্য করা সজীব নিজের সেরা (২.১১ মি.) পারফরম্যন্সের ধারেকাছে যেতে পারেননি। মাত্র ২ মিটার লাফিয়েই অবশ্য সোনা জিতে নিয়েছেন।