সেরার স্বীকৃতি যখন অভিশাপ
এমনিতেই তাঁর সামনে বন্ধুর পথ৷ সেই কঠিন পথ পেরিয়ে দলকে স্বপ্নের ঠিকানায় পেঁৗছে দিতে হবে একরকম একার কাঁধে বয়েই৷ তার ওপর আবার দেয়াল হয়ে দাঁড়িয়ে ইতিহাস৷ গত ১৩ জানুয়ারি জুরিখের ঝলমলে রাতে ফিফা-ব্যালন ডি’অর ট্রফি হাতে ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে যখন বিশ্বজয়ের হাসি, তখন কি ভাবনায় ছিল ওই স্বীকৃতিটাই কয়েক মাস পর অভিশপ্ত অ্যালবাট্রস হয়ে ঝুলবে গলায়?
ভাবছেন বিশ্বসেরার সম্মান কীভাবে অভিশাপ হয়? মঞ্চ যদি হয় বিশ্বকাপ, এই স্বীকৃতি সেখানে বড় এক অভিশাপই৷ আগের ইউরোপ-সেরার সম্মান ব্যালন ডি’অর আর এখন একীভূত হয়ে বিশ্বসেরার সম্মান ফিফা-ব্যালন ডি’অর, নাম যেটাই হোক, এই সেরার স্বীকৃতি নিয়ে বিশ্বকাপে গিয়ে শিরোপা জিততে পারেননি একজনও! সেই কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো থেকে সর্বশেষ তাঁরই দেশের আরেক গ্রেট লিওনেল মেসি, বর্ষসেরার ‘অভিশাপে’ কপাল পুড়েছে বিশ্বকাপে৷
সামান্য একটু ফাঁক অবশ্য আছে তুমুল কৌতূহলোদ্দীপক এই তথ্যে৷ ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের চালু করা ব্যালন ডি’অর আগে ছিল শুধু ইউরোপ-সেরার স্বীকৃতি৷ শুরুর বছর ১৯৫৬ থেকে ১৯৯৫ পর্যন্ত এই পুরস্কারের জন্য বিবেচনা করা হতো শুধু ইউরোপিয়ান ফুটবলারদেরই৷ সর্বকালের সেরা দুই ফুটবলার বলে বিবেচিত পেলে ও ম্যারাডোনা তাই কখনো ব্যালন ডি’অর পাননি৷ কে জানে, এ কারণেই হয়তো বিশ্বকাপের ট্রফিটা ছুঁয়ে দেখতে পেরেছিলেন!
অনেকেই যাঁকে পেলে-ম্যারাডোনার পাশাপাশি বা আরও ওপরে রাখেন, সেই ডি স্টেফানোর এই সৌভাগ্য হয়নি৷ যে বিশ্বকাপে বিশ্ব কাঁপিয়ে আবির্ভাব পেলে নামের এক তরুণের, সেই বিশ্বকাপে যেতেই পারেননি সেই সময়ের ব্যালন ডি’অর বিজয়ী ডি স্টেফানো! জন্মভূমি আর্জেন্টিনা ও কলম্বিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা ডি স্টেফানো তত দিনে স্পেনের নাগরিকত্ব নিয়ে খেলছেন লা ফুরিয়া রোজাদের হয়ে৷ রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ব্যালন ডি’অর জেতেন ১৯৫৭ সালে৷ কিন্তু ১৯৫৮ বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে পারেনি স্পেন৷ এর আগে ১৯৫০ ও ১৯৫৪ সালেও ডি স্টেফানো খেলতে পারেননি আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোয়৷ সর্বকালের সেরা ফুটবলারদের একজন তাই কখনোই স্পর্শ করতে পারেননি বিশ্বকাপের আঙিনা৷ ডি স্টেফানোর যেমন, তেমনি আক্ষেপটা কম নয় বিশ্বকাপেরও!
ডি স্টেফানোর মতো বিশ্বকাপ খেলার যোগ্যতামান না পেরোনোর দুর্ভাগ্য হয়েছিল আর একজন ব্যালন ডি’অর বিজয়ীর৷ ১৯৭৭ সালের বিজয়ী ছিলেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের স্ট্রাইকার অ্যালান সিমনসেন, কিন্তু ১৯৭৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তাঁর দেশ ডেনমার্ক৷ সিমনসেনের উল্টো প্রান্তে আবার রবার্তো বাজ্জো৷ ব্যালন ডি’অর জিতে বিশ্বকাপ জয়ের সবচেয়ে কাছে গিয়েছিলেন এই ইতালিয়ান ফরোয়ার্ড৷ প্রথম পর্বে নিষ্প্রভ থাকা বাজ্জো নকআউট পর্বে ৩ ম্যাচে ৫ গোল করে দলকে তুলেছিলেন ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে৷ কিন্তু রোজ বোলের ফাইনালে ব্রাজিলের কাছে ইতালি হারল টাইব্রেকারে৷ দলের শেষ স্পট কিকটি বারের অনেক ওপর দিয়ে উড়িয়ে দলের কফিনে শেষ েপরেক ঠুকেছিলেন স্বয়ং বাজ্জো৷ অথচ পেনাল্টিতে বরাবর তিনিই ছিলেন দলের প্রথম পছন্দ৷ দায়টা কি স্রেফ টাইব্রেকারের অনিশ্চয়তার, নাকি ব্যালন ডি’অর অভিশাপেরও ভূমিকা ছিল খানিকটা!
আজ অখণ্ড অবসরে ইয়োহান ক্রুইফও যখন পাওয়া না-পাওয়ার হিসাব মেলাতে বসেন, এই অভিশাপের কথা মাথায় না এসে পারেই না! টোটাল ফুটবল দিয়ে ১৯৭৪ বিশ্বকাপ মাতিয়েও ফাইনালে অবিশ্বাস্যভাবে পশ্চিম জার্মানির কাছে হেরে যায় ১৯৭৩ ব্যালন ডি’অরজয়ী ক্রুইফের হল্যান্ড৷ ফাইনালে হেরে বাজ্জো-ক্রুইফের সঙ্গী আরও তিন ব্যালন ডি’অরজয়ী, ইতালির জিয়ান্নি রিভেরা (১৯৭০), পশ্চিম জার্মানির কার্ল হেইঞ্জ রুমেনিগে (১৯৮২) ও ব্রাজিলের রোনালদো (১৯৯৮)৷ ফ্রান্স িবশ্বকাপের ফাইনালে রোনালদোর অস্বাভাবিক ম্রিয়মাণ থাকা তো এখনো বড় এক রহস্য৷
এই অভিশাপে পোড়াদের দলে আছেন ইতালির ওমর শিভারি (১৯৬২), তিনবারের ব্যালন ডি’অরজয়ী মিশেল প্লাতিনি (১৯৮৬), ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেন (১৯৯০) ও মাইকেল ওয়েন (২০০২)৷ ফর্মের তুঙ্গে থাকা রোনালদিনহো ইউরোপ-সেরা হয়ে ২০০৬ বিশ্বকাপে ছিলেন অভাবনীয় রকমের নিষ্প্রভ, ব্রাজিল বিদায় নিয়েছিল শেষ আটে৷ সর্বশেষ এই ভাগ্য মানতে হয়েছে রোনালদিনহোর ক্লাব সঙ্গী আর্জেন্টাইন জাদুকর মেসিকে৷ ও হ্যাঁ, তালিকায় আছেন কিন্তু রোনালদোর পূর্বসূরি ইউসেবিও (১৯৬৬)!
এবার তাহলে প্রমাদ গুনতে পারেন রোনালদো! তথ্যসূত্র: এএফপি৷