লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দৃশ্যটি এখনো চোখে ভাসে। মাঠ ছাড়ছেন ডিয়েগো কস্তা, দুই হাতে ঢাকা মুখ। বোঝাই যাচ্ছিল, চোখের জল সামলাতে পারেননি অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার। সেই অশ্রুর অনেকটা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য তো বটেই, খানিকটা হয়তো স্পেনের জন্যও । কস্তার বিশ্বকাপ খেলাই যে অনিশ্চিত হয়ে পড়েছিল।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই খেলতে পারবেন না বলেই মনে হয়েছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে সেরে উঠে মাঠে নেমে যান শুরু থেকেই। ৯ মিনিটের বেশি অবশ্য খেলতে পারেননি। বিশ্বকাপ-স্বপ্নটা আরও বেশি পড়ে গিয়েছিল সংশয়ের ঘূর্ণাবর্তে। তবে স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক পরশু তাঁকে চূড়ান্ত দলে রাখার পর বোঝা গেল সেরে ওঠার পথে কস্তা। স্প্যানিশ দৈনিক মার্কাকে কাল দেওয়া সাক্ষাৎকারে কস্তা সেটিই নিশ্চিত করলেন, ‘আমি দারুণ বোধ করছি। কয়েক দিন ধরে ফিজিও ও ফিটনেস কোচের সঙ্গে কাজ করছি। কাল (আজ) থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করব’।
৬ জুন এল সালভাদরের সঙ্গে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে চান এই স্ট্রাইকার, ‘আশা করছি ওয়াশিংটনে এল সালভাদরের বিপক্ষে মাঠে নামতে পারব।’ একই সঙ্গে চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা তাঁর, ‘অবশ্যই বিশ্বকাপ জিততে চাই। আমরা এটির জন্য লড়াই করব৷’ ওয়েবসাইট।