
হলো না। অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিজের ১৮তম গ্রান্ড স্ল্যামটা উদযাপন করা হলো না সেরেনা উইলিয়ামসের। গৌরবদীপ্ত এ অর্জনের জন্য অপেক্ষাটা দীর্ঘায়িত করে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন এই মার্কিন টেনিস তারকা। শীর্ষ বাছাই সেরেনাকে হারিয়ে দিয়েছেন আনা ইভানোভিচ।
ইভানোভিচের বিপক্ষে ম্যাচে প্রথম সেট জিতলেও বেশ কিছু ভুলের মাশুল দিয়ে তিনি হেরেছেন ৪-৬, ৬-৩ ও ৬-৩ গেমে। সেরেনার বিদায়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের বিভাগে শিরোপার সম্ভাবনা উজ্জ্বলতর হয়েছে ভিক্টোরিয়া আজারেঙ্কা, আনা ইভানোভিচ ও লি না’র। তবে খেলা শেষে বিদায়ের কারণ হিসেবে সেরেনা উল্লেখ করেছেন ‘চোট’কে, ‘তৃতীয় রাউন্ডেই আমার সরে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ম্যাচটি খেলেছি ব্যথানাশক সেবন করে।’
সেরেনা স্বীকার করেছেন তৃতীয় রাউন্ডেই তাঁর সরে যাওয়া উচিত ছিল, ‘হ্যাঁ, নাম প্রত্যাহার করে নেওয়াটাই ভালো সিদ্ধান্ত হতো। ওটা করাই উচিত ছিল।’
খেলা নিয়ে অবশ্য নিজেকেই দুষছেন সেরেনা, ‘আমি ম্যাচটিতে অনেক ভুল করেছি। সাধারণত আমি যেসব ভুল করি না, আমি আজ সেগুলোই করেছি।’
সেরেনা আর একটি গ্রান্ড স্ল্যাম জিতলেই মার্টিনা নাভ্রাতিলোভা ও ক্রিস এভার্টের সঙ্গে একই ব্র্যাকেটে নাম তুলবেন। আর পাঁচটি গ্রান্ড স্ল্যাম তাঁকে নিয়ে বসাবে ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপাজয়ী স্টেফিগ্রাফের (২২টি) পাশে।
অস্ট্রেলিয়ান ওপেন থেকে তাঁর বিদায় অবশ্য সেই অপেক্ষা দীর্ঘায়িত করল। রয়টার্স।