সেরেনা-ঝড়ের সামনে এরানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল এক সম্মানের মুকুট হাতছানি দিচ্ছে সেরেনা উইলিয়ামসকে। সিঁড়ির আর মাত্র দুটি ধাপ। ওই দুটি ধাপ পেরোলেই পৌঁছে যাবেন সেই মিনারের শীর্ষে, যেখানে এর আগে মাত্র পা পড়েছিল দুজনের। তাঁরই বোন ভেনাস উইলিয়ামস আর মেয়েদের টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় স্টেফি গ্রাফের। উইম্বলডন, অলিম্পিক, ইউএস ওপেন—টানা শিরোপাত্রয়ী জেতার কীর্তি এতটাই বিরল। ২০০০ সালে জিতেছিলেন ভেনাস। ১৯৮৮ সালে গ্রাফ। স্টেফি গ্রাফের কীর্তি তো আরও অবিস্মরণীয়। ১৯৮৮ সালে চারটি গ্র্যান্ড স্লামের পাশাপাশি অলিম্পিক সোনাও জিতেছিলেন গ্রাফ। টেনিসে যেটিকে বলে গোল্ডেন স্লাম। ইতিহাসে নারী-পুরুষ মিলে আর কারোরই এই কীর্তি নেই!গ্রাফের পাশে নাম লেখাতে কে না চায়! কিন্তু যে দুটি ধাপ অপেক্ষা করছে, সেরেনা জানেন, এই দুটি ধাপই সবচেয়ে কঠিন। প্রথম ধাপটি আজই। সেমিফাইনালে তাঁর মুখোমুখি ইতালির সারা এরানি। মেয়েদের টেনিসে বড় তারকা হয়ে ওঠার পূর্বাভাস দেওয়া এরানি ইতিহাসের প্রথম সর্ব-ইতালীয় কোয়ার্টার ফাইনালে বন্ধু রবার্তা ভিঞ্চিকে ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠেছেন। আর নিজেকে ফিরে পাওয়ার টুর্নামেন্টে আনা ইভানোভিচের যাত্রা সেরেনা থামিয়ে দিয়েছেন ৬-১, ৬-৩ গেমে। পুরো টুর্নামেন্টে সেরেনা যেভাবে ঝড় তুলে এগিয়ে যাচ্ছেন, তাতে আজকের ম্যাচে এরানির সুযোগ কম। এর আগে মুখোমুখি তিনটি লড়াইয়েই ইতালির ২৫ বছর বয়সী তরুণী হেরেছেন সেরেনার কাছে। অবশ্য গ্র্যান্ড স্লামে এই প্রথম মুখোমুখি দুজন। আর সর্বশেষ লড়াইটাও তিন বছর আগের। এই তিন বছরে এরানি অনেক পাল্টেছেন। গত ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট। জিতেছেন ফ্রেঞ্চ ওপেনের দ্বৈত শিরোপাও। ফ্রেঞ্চ ওপেনেই এরানিকে বঞ্চিত করে শিরোপা জেতা মারিয়া শারাপোভাও ক্যারিয়ারের দ্বিতীয় ইউএস ওপেন শিরোপার কাছাকাছি। বৃষ্টিভাগ্যও শারাপোভার পক্ষে গেছে। গত মঙ্গলবার মারিয়ন বারতোলির কাছে প্রথম সেটে রীতিমতো নাস্তানাবুদ হয়ে পিছিয়ে ছিলেন ০-৪-এ। পরশু আবার খেলা শুরুর পর প্রথম সেটটা শেষ পর্যন্ত হেরেই যান। কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে (৩-৬, ৬-৩, ৬-৪) শেষ চারে উঠে এসেছেন শারাপোভা।তবে সাবেক এই এক নম্বরের ফাইনালে যাওয়ার পথে শক্ত বাধার নাম ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশের এক নম্বর অবশ্য শারাপোভার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৫-৪-এ এগিয়ে। তাঁর সর্বশেষ জয়টা এবারের অস্ট্রেলিয়ান ওপেনে, যেখান থেকেই আসলে শারাপোভার ঘুরে দাঁড়ানোর শুরু। রুশ কন্যা এর পর ফ্রেঞ্চ ওপেন জেতার পাশাপাশি অলিম্পিকের ফাইনালেও উঠেছিলেন। আজ কে ফেবারিট বলা মুশকিল। তবে আজারেঙ্কার বিপক্ষে আছে একটা অপয়া গেরো। গত ৫ বছরে ইউএস ওপেনের মেয়েদের এককে শীর্ষ বাছাইরা কেন যেন শিরোপাই জিততে পারেননি! এএফপি, রয়টার্স।