সেরেনা-লির প্রতিশোধ

ড্র অনুষ্ঠানের পর থেকেই সম্ভাব্য এই দ্বৈরথ নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত যখন মুখোমুখি হলেনই, দর্শকেরা নড়েচড়ে বসেছিল—এবারও কি সেরেনা উইলিয়ামসের শিরোপাস্বপ্ন গুঁড়িয়ে দিতে পারবেন স্লোন স্টিভেনস? দুই মার্কিন কন্যার লড়াইয়ে ২০ বছর বয়সী প্রথম সেটে দুর্দান্ত লড়াইও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেরেনা বুঝিয়ে দিয়েছেন বারবার ‘সেরেনা’কে হারানো অত সহজ নয়! উল্টো ৬-৪, ৬-১ গেমে জিতে সেরেনা নিয়েছেন প্রতিশোধ।
এ বছরই অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনাকে হারিয়ে দেন তাঁরই ভক্ত স্টিভেনস। ওই হারের পর তাঁদের সম্পর্কটা অবশ্য মধুর থাকেনি। সেটা তিক্তই হয়ে ওঠে। পরশুর লড়াইটা বাড়তি উত্তেজনাও ছড়ায় সে কারণেই। স্টিভেনস তো বটেই, সেরেনাও কোর্টে নেমেছিলেন একটু বেশি সতর্ক হয়ে। ম্যাচ শেষে দারুণ খুশি সেরেনা, ‘নিশ্চিতভাবেই ম্যাচের অনুভূতিটা ছিল বড় ম্যাচের মতো। কারণ স্লোন অসাধারণ খেলোয়াড়। আমি শুধু শান্ত এবং নির্ভার থাকতে চেয়েছি।’
ড্র অনুযায়ী, শেষ আটে তাঁর দেখা হতে পারত বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে। কিন্তু ভেনাস আগেই ছিটকে পড়েছেন। শেষ আটে সেরেনার প্রতিপক্ষ স্পেনের ১৮তম বাছাই কার্লা সুয়ারেজ নাভারো। তিনি ৪-৬, ৬-৩ ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে।
প্রতিশোধ নেওয়ার তৃপ্তি আছে লি নারও। চীনা মেয়ে রোম ওপেনে হেরেছিলেন ইয়েলেনা ইয়াঙ্কোভিচের কাছে। লি প্রতিশোধের হুমকিটা দিয়ে রেখেছিলেন তখনই! পরশু সেই সুযোগ পেয়ে সার্বিয়ান সাবেক এক নম্বর খেলোয়াড়কে দাঁড়াতেই দেননি। প্রথমবার রাতে খেলতে নেমে ইয়াঙ্কোভিচকে উড়িয়ে দেন ৬-৩, ৬-০ গেমে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লি, ‘শেষবার রোমে তার কাছে হারার পর আমার খুবই খারাপ লেগেছিল। কারণ আমি খুবই ভালো খেলেছিলাম। তখনই বলেছিলাম, ‘মনে রেখো, রোমে জয়ের পর তোমার যে অনুভূতি হচ্ছে, এমনটা কখনোই আর হবে না।’ সম্ভবত আজ আমি আমার জীবনের সেরা খেললাম।’ কোয়ার্টার ফাইনালে লির প্রতিপক্ষ একাতেরিনা মাকারোভা। এই রুশ খেলোয়াড় দিনের একমাত্র অঘটনটির জন্ম দিয়েছেন তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভানস্কাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে।
পুরুষ এককেও শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ, দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে তৃতীয় রাউন্ডে পেয়েছেন সহজ জয়। সবচেয়ে বড় কথা, জিতেই চলেছেন লেটন হিউয়িট। আগের ম্যাচে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারিয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক এক নম্বর খেলোয়াড় পরশু রাশিয়ার ইয়েভগেনি দনস্কয়কে ৬-৩, ৭-৬ (৭/৫), ৩-৬, ৬-১ গেমে হারিয়ে ২০০৬ সালের পর পা রেখেছেন ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে। জোকোভিচ ৬-০, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন পর্তুগালের জোয়াও সোসাকে। জার্মানির ফ্লোরিয়ান মেয়ারের বিপক্ষে মারের জয়টি ৭-৬ (৭/২), ৬-২, ৬-২ গেমে। এএফপি।