
অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালের আগেই মারিয়া শারাপোভাকে মুখোমুখি হতে হচ্ছে সেরেনা উইলিয়ামসের। আমেরিকান এই প্রতিপক্ষের কাছেই গত বছর মেলবোর্নের ফাইনালে হেরেছিলেন। উইম্বলডনের সেমিফাইনালেও তাঁকে বিদায় দিয়েছিলেন সেরেনা। কিন্তু আগামী পরশু শুরু অস্ট্রেলিয়ান ওপেনে এবার কোয়ার্টার ফাইনালেই শারাপোভাকে পড়তে হচ্ছে ‘যম’ সেরেনার সামনে। দুজনের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এমনিতেই যোজন যোজন পিছিয়ে শারাপোভা। সেরেনার ১৮টি জয়ের বিপরীতে তাঁর জয় মাত্র ২টি। এর চেয়েও শারাপোভার জন্য অস্বস্তিকর তথ্য—গত ১৭ ম্যাচের একটিতেও সেরেনার বিপক্ষে জেতা হয়নি রুশ তারকার!
গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের ড্রই দুজনকে শেষ আটে মুখোমুখি হওয়ার সম্ভাবনায় দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ নিজ নিজ খেলায় জিতে এগোলেই কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাবে দুজনের। বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা প্রথম রাউন্ড শুরু করবেন ইতালির কামিলা জর্জির বিপক্ষে ম্যাচ দিয়ে। শারাপোভার মুখোমুখি হওয়ার আগেই চতুর্থ রাউন্ডে এক নম্বর সেরেনা মুখোমুখি হবেন আরেক সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকির। ফাইনালে তাঁর সম্ভাব্য প্রতিপক্ষ রোমানিয়ার সিমোনা হালেপ। নিজ নিজ খেলায় জয়ী হতে থাকলে কোয়ার্টার ফাইনালেই অবশ্য হালেপকে মুখোমুখি হতে হবে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসের।
পুরুষ বিভাগে শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের সঙ্গে রজার ফেদেরারের দেখা হয়ে যেতে পারে সেমিফাইনালে। তার আগে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ এশীয় প্রতিপক্ষ কেই নিশিকোরির, আর ফেদেরার মুখোমুখি হতে পারেন টমাস বার্ডিচের। জোকোভিচ টুর্নামেন্ট শুরু করবেন দক্ষিণ কোরিয়ার ১৯ বছর বয়সী হিওন চুংয়ের সঙ্গে ম্যাচ দিয়ে।
গত বছর অ্যান্ডি মারেকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন জোকোভিচ। দুজনের জয়যাত্রা অব্যাহত থাকলে এবারও ফাইনালে দেখা হবে তাঁদের। তবে ফাইনালের আগের দুটি ম্যাচে কঠিন পরীক্ষাই দিতে হবে মারেকে। কোয়ার্টার ফাইনাল ব্রিটিশ তারকার সম্ভাব্য প্রতিপক্ষ স্পেনের ডেভিড ফেরার। সেমিফাইনালে রাফায়েল নাদাল কিংবা স্ট্যান ভাভরিঙ্কা। এএফপি, রয়টার্স।