সেরেনা স্বরূপেই, বিধ্বংসী ফেদেরার

গত বছরটি যেখানে শেষ করেছিলেন, নতুন বছরটি যেন সেখান থেকেই শুরু করলেন সেরেনা উইলিয়ামস। গতকাল সেমিফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়ে উঠে গেছেন ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে। প্রতিপক্ষ চোটের কারণে সরে দাঁড়ানোয় ফাইনালে উঠেছেন তাঁর বড় বোন ভেনাস উইলিয়ামসও, তবে সেটি নিউজিল্যান্ডের অকল্যান্ড ক্লাসিকে। ফাইনালে তাঁর প্রতিপক্ষ আনা ইভানোভিচ।
ব্রিসবেনের ফাইনালে ১ নম্বর সেরেনার প্রতিপক্ষ ২ নম্বর ভিক্টোরিয়া আজারেঙ্কা।
নতুন বছরে জ্বলছেন আরও একজন—রজার ফেদেরার। নতুন বছরে নিজেকে ফিরে পাওয়ার পণ করেছেন, র্যাকেটে সেই প্রতিজ্ঞা পূরণেরই আভাস। গতকাল যেমন কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ মারিঙ্কো মাতোসেভিচকে হারাতে সময় নিয়েছেন মাত্র ৫৭ মিনিট, জিতেছেন ৬-১, ৬-১ গেমে।
তবে জয়ের ব্যবধানের চেয়েও বেশি নজর কেড়েছে ফেদেরারের খেলার ধরন। সেই সার্ভ, সেই ফোরহ্যান্ড ব্যাকহ্যান্ড রিটার্ন—ঠিক যেন পুরোনো ফেদেরার। গত বছরটি একদমই ভালো যায়নি। বছরে শিরোপা জিতেছেন মাত্র একটি, উঠতে পারেননি কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে। একেকটি টুর্নামেন্ট শেষে নিন্দুকেরা বারবার শুনিয়েছেন ‘বিদায়ের’ ডাক। কিন্তু ফেদেরারের অদম্য মানসিকতায় এটি এতটুকু চিড় ধরাতে পারেনি। বরং নতুন বছরটা শুরু করেছেন নতুন শুরুর প্রত্যয় নিয়ে। পুরোনো ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যে সাবেক তারকা স্টেফান এডবার্গকে কোচ করেছেন। শুরুটা প্রত্যাশিত হওয়ায় ফেদেরার খুশি, ‘মাতোসেভিচের বিপক্ষে আজকের রাতে আমি খুবই ভালো বোধ করেছি, ও খুবই বিপজ্জনকভাবে খেলতে পারে।’ এএফপি।
শারাপোভার বিপক্ষে সেরেনার টানা ১৪তম জয়টা ৬-২, ৭-৬ (৯-৭) গেমে। আজারেঙ্কা ১-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন সাবেক ১ নম্বর ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে।