সেরেনাই থাকছেন এক নম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

দুটি গ্র্যান্ড স্লামসহ নয়টি শিরোপা। ৬৭ জয়ের বিপরীতে হার মাত্র ৪টি! ইতিহাসের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই গড়েছেন এক মৌসুমে ৯০ লাখ ডলারের বেশি আয়ের রেকর্ড। ২০১৩ সালটি সত্যিকার অর্থেই সেরেনা উইলিয়ামসের জন্য সোনায় মোড়ানো এক বছর! বছরজুড়ে ধারাবাহিকতার পুরস্কার মিলল আরও একটি। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এক নম্বরে থেকে বছর শেষ করতে যাচ্ছেন সেরেনা।
গতকাল ডব্লুটিএ নিশ্চিত করেছে, বছর শেষে সেরেনাই থাকছেন এক নম্বরে। মানে পরিষ্কার, ইউএস ওপেনের পর থেকেই কোর্টের বাইরে থাকা সেরেনা বছরের বাকি টুর্নামেন্টগুলো না খেললে বা খেলে হেরে গেলেও এক নম্বর আসনটি তাঁর হাতছাড়া হচ্ছে না। এর আগে ২০০২ ও ২০০৯ সালেও এক নম্বরে বছর শেষ করেছিলেন ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী। গত ফেব্রুয়ারিতে সেরেনা শীর্ষে উঠেছিলেন ১৯৭৫ সালে র‌্যাঙ্কিং চালুর পর সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়ে। আগামী পরশু নতুন প্রকাশিত র‌্যাঙ্কিং ধরলে সেরেনার শীর্ষে কাটবে মোট ১৫৬ সপ্তাহ। এএফপি।