সেরেনাকে থামাতে পারবেন কেউ?

আগামীকাল থেকে নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন। মেয়েদের বিভাগে আলোচনা আবর্তিত হচ্ছে ‘সেরেনা উইলিয়ামসকে থামাতে পারবে কি না’ এ নিয়ে।
সিনেমার জাম্প কাটের মতো এক বছর পেছনে যাওয়া যাক।
স্থান: নিউইয়র্কের ফ্লাশিং মিডো করোনা পার্ক। ফাইনালের পর বিশাল পেয়ালার মতো রুপালি ট্রফি হাতে মেয়েটার নাম সেরেনা উইলিয়ামস। যেন ‘মধুরেণ সমাপয়েৎ’ কোনো সিনেমার শেষ দৃশ্য। যে দৃশ্য দেখে স্লোয়ান স্টিভেনস নামে সেরেনার স্বদেশি মেয়েটা বলেছিল, ‘ও (সেরেনা) যে কী অসাধারণ খেলে! আমার সবচেয়ে ভালো বন্ধু সে। পথিকৃৎ আর পথপ্রদর্শকও।’
আবার জাম্প কাট। এবার ইউএস ওপেনের কয়েক মাস পর। স্থান: ইয়ারা নদীর পারে মেলবোর্ন পার্ক। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্লোয়ান স্টিভেনস নামে ২০ বছরের সেই তরুণীর কাছে হেরে গেলেন এই সময়ের টেনিস-সম্রাজ্ঞী সেরেনা। হারজিত যা-ই হোক ম্যাচ শেষে দুই প্রতিদ্বন্দ্বীই হাত-টাত মেলান, ভদ্রতার হাসি বিনিময় করেন। কিন্তু একি! সেরেনা ম্যাচ শেষে ফিরেও তাকালেন না স্টিভেনসের দিকে। কোর্ট থেকে ফিরে গিয়ে নাকি নিজের টুইটার থেকেও ‘ব্লক’ করে দিয়েছিলেন স্টিভেনসকে। পূর্বসূরির এমন আচরণে ক্ষুব্ধ স্টিভেনস অভিযোগ করলেন, যত যা-ই হোক, আধুনিক যুগে একজনকে টুইটার থেকে ব্লক করা ‘ভয়ংকর সামাজিক অপরাধ’!
সেই থেকে শুরু। কোথায় গেল দুজনের বন্ধুত্ব, মুখ দেখাদেখিই তো বন্ধ!
সেই সেরেনা আর স্টিভেনসের দেখা হয়ে যেতে পারে এবারও। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্র জানিয়ে দিয়েছে, প্রথম তিন রাউন্ডে জিতলে চতুর্থ রাউন্ডেই দেখা হয়ে যাবে ‘বন্ধু থেকে শত্রু’ হয়ে যাওয়া দুই আমেরিকানের। এবার কী হবে?
সেরেনা মনে হয় না, এটা নিয়ে খুব একটা ভাবছেন। আসলে ভাবনার দরকারও নেই। ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী কৃষ্ণসুন্দরীর সঙ্গে কোনো বড় শিরোপা না জেতা তাঁর স্বদেশির এত ব্যবধান, যে কেউই বুঝবে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল স্রেফ অঘটন ছিল! ধাক্কাটা বড় ছিল বলেই হয়তো সেই সময় নিজের হতাশাকে ভদ্রতার আবরণে ঢেকে রাখতে পারেননি সেরেনা। ১৭তম গ্র্যান্ড স্লামের পথে স্টিভেনসও তেমন তত বড় বাধা নন, যতটা বড় ভিক্টোরিয়া আজারেঙ্কা কিংবা আগ্নিয়েস্কা রাদওয়ানস্কারা।

চোটের কারণে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন মারিয়া শারাপোভা। নইলে হিসাবে ধরতে হতো তাঁকেও। গত বছর এই টুর্নামেন্টের শিরোপার পথে তাঁর শেষ বাধা হয়ে ছিলেন আজারেঙ্কা। র্যাঙ্কিংয়েও শীর্ষে থাকা সেরেনার পর দ্বিতীয় স্থানটা আজারেঙ্কার। সব মিলিয়ে তাঁকেই সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছেন সেরেনা, ‘কোর্টে সে জন্তুর মতো প্রতিদ্বন্দ্বিতা করে। আমিও ঠিক সে রকম। আমার বাবা তো আমাকে পিটবুল (কুকুর) মনে করে।’
ফ্লাশিং মিডোয় পঞ্চম শিরোপার হাতছানি সামনে। জিতে গেলে উন্মুক্ত যুগে ক্রিস এভার্টের সবচেয়ে বেশি (৬টি) ইউএস ওপেন জেতার রেকর্ডের আরেকটু কাছে চলে যাবেন। গত ১৪ মাস যেভাবে কাটিয়েছেন, তাতে সেরেনা না পারলে সেটিই বিস্ময়কর হবে। গত বছর উইম্বলডনের পর জিতেছেন লন্ডন অলিম্পিক, ইউএস ওপেন আর এ বছরের ফ্রেঞ্চ ওপেনও। ৭৭ জয়ের পাশে হার মাত্র ৪টি ম্যাচে। তবে ওই চারটি হারের দুটিই কিন্তু আজারেঙ্কার বিপক্ষে। একটি গত ফেব্রুয়ারিতে দোহা ফাইনালে, অন্যটি এই গত রোববার সিনসিনাটিতে। তবে সেই স্মৃতি মন থেকে মুছে ফেলেই কোর্টে নামতে চান সেরেনা, ‘এটা হবে সম্পূর্ণ অন্য পরিবেশ, অন্য টুর্নামেন্ট। আমি খোলা মনেই সেখানে যাব।’
আজারেঙ্কাও অবশ্য ফেবারিট বলে দিচ্ছেন সেরেনাকেই, ‘আমি ফেবারিট নই। ও (সেরেনা) এক নম্বর এবং একজন দারুণ চ্যাম্পিয়ন। সে খেলবে শিরোপা ধরে রাখার জন্য। সুতরাং সে-ই ফেবারিট।’ হ্যাঁ, ফেবারিট সেরেনা উইলিয়ামসই। তাঁকে কেউ থামাতে পারলে সেটিও আজারেঙ্কাই পারবেন বলেও মোটামুটি একমত সবাই। কিন্তু কোর্টের টেনিস কি আর সব সময় এই হিসাব মেনে চলে! এএফপি অবলম্বনে।