সেরেনার অন্য লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের চারটি গ্র্যান্ড স্লামই জয়ের স্বপ্ন তাঁর চোখে। স্বপ্নের কথাটা জানিয়েও দিয়েছেন সেরেনা উইলিয়ামস। মার্টিনা নাভ্রাতিলোভাও পাশে এসে দাঁড়ালেন সেরেনার। এই টেনিস কিংবদন্তির বিশ্বাস, বছরের চারটি গ্র্যান্ড স্লাম জিতে সেরেনা ঠিকই ইতিহাস গড়তে পারবেন। সেরেনাকে তাঁর প্রজন্মের সেরা উল্লেখ করে ১৮টি গ্র্যান্ড স্লামজয়ী নাভ্রাতিলোভা বলেছেন, ‘যদি কেউ পারে, তা হলে সেরেনাই পারবে।’ কিন্তু যাকে নিয়ে নাভ্রাতিলোভার উচ্চাশা, সেই সেরেনা চোট-বিপত্তি বাধিয়েছেন আবারও। প্রথম রাউন্ডেই অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন। কাল আবার নতুন করে সেই অ্যাঙ্কেলেই চোট পেয়েছেন বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে খেলার সময়। কোর্টে খোঁড়াচ্ছিলেন সেরেনা। এর প্রভাব পড়েছে ম্যাচেও। সুযোগটা লুফে নিয়ে ইতালির সারা ইরানি ও রবার্তা ভিঞ্চি জুটি উইলিয়ামসদের হারিয়ে উঠে গেছে মহিলা দ্বৈতের সেমিফাইনালে। সেরেনার আসল লড়াইটা অবশ্য আজ। কোয়ার্টার ফাইনালে স্বদেশি স্লোয়ানে স্টেফেনসের মুখোমুখি হওয়ার কথা তাঁর। এর মধ্যে চোট কতটা সেরে ওঠে, সেটাই এখন দেখার। শেষ পর্যন্ত চোটের কাছে হেরে গেলে নাভ্রাতিলোভার ভবিষ্যদ্বাণী অন্তত এই বছরে আর খাটবে না। এমনিতেই এক বছরে চারটি গ্র্যান্ড স্লাম জেতা বিরল এক কৃতিত্ব। কাজটা কত কঠিন সেটা বোঝা যাবে এই তথ্যে—মেয়েদের মধ্যে বছরে চারটি প্রধান শিরোপার সবগুলোই সর্বশেষ জিতেছেন স্টেফি গ্রাফ, ১৯৮৮ সালে।ওদিকে মারিয়া শারাপোভা, নোভাক জোকোভিচরা সেমিফাইনালে উঠে গেছেন। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে অন্য রূপে দেখা দেওয়া শারাপোভা কালও পেয়েছেন সহজ জয়। স্বদেশি একাতেরিনা মাকারোভাকে হারিয়েছেন ৬-২, ৬-২ গেমে। আগনেয়াস্কা রাদওয়ানাস্কাকে হারিয়ে সেমিতে উঠেছেন লি নাও। ২০১১ সালে ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এই প্রথম গ্র্যান্ড স্লামের শেষ চারে উঠলেন এই চীনা তারকা। চতুর্থ বাছাই আগনেয়াস্কা রাদওয়ানাস্কার বিপক্ষে তাঁর জয়টা ৭-৫, ৬-৩ গেমে।জোকোভিচ আবারও বুঝিয়ে দিলেন হ্যাটট্রিক-স্বপ্ন পূরণে তিনি বদ্ধপরিকর। আগের ম্যাচে পাঁচ ঘণ্টা ২ মিনিটের ম্যারাথন লড়াই গেছে। ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ক্লান্তি উধাও। ঠিক তার অর্ধেক, দুই ঘণ্টা ৩১ মিনিট, সময়ে টমাস বার্ডিচকে হারালেন ৬-১, ৪-৬, ৬-১, ৬-৪ গেমে। সেমিতে তাঁর প্রতিপক্ষ ডেভিড ফেরার। যিনি প্রথম দুই সেটে হেরেও জিতেছেন স্বদেশি এবং ডেভিস কাপ সতীর্থ নিকোলাস আলমাগ্রোর বিপক্ষে। এএফপি।