সেরেনার আবেগঘন জয়
জিতেও কাঁদলেন সেরেনা উইলিয়ামস। কাল উইম্বলডনের প্রথম রাউন্ডে জেতার পর আবেগ সামলাতে না পেরে কোর্টের পাশেই তোয়ালে দিয়ে মুখ ঢেকে কেঁদেছেন এই মার্কিন। ফর্ম ও ফিটনেসের জন্য সংগ্রাম করা বর্তমান চ্যাম্পিয়ন ৬-৩, ৩-৬, ৬-১ গেমে হারিয়েছেন ফ্রান্সের আরাভানে রেজাইকে।২৯ বছর বয়সী সেরেনার উইম্বলডনে অংশগ্রহণ নিয়েই ছিল সংশয়। ৪৯ সপ্তাহ কোর্টের বাইরে ছিলেন চারবারের উইম্বলডন চ্যাম্পিয়ন। শুধু চোট থেকে নয়, এ ফেরাটা ছিল মৃত্যুমুখ থেকেও। কাল দ্বিতীয় সেট হেরে শঙ্কার মুখে পড়া সেরেনা শেষ পর্যন্ত ১ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে জিতেছেন। ম্যাচ শেষে টেলিভিশন সাক্ষাৎকারের সময়ও চোখে পানি ছিল তাঁর। বলছিলেন, ‘ওই সময়টা এতই কঠিন ছিল, ভাবতেও পারিনি আবার এখানে ফিরে আসতে পারব।’ সেরেনা জিতলেও প্রথম রাউন্ডেই অঘটনের শিকার ইয়েলেনা জাঙ্কোভিচ। অবাছাই খেলোয়াড় মারিয়া হোসে মার্তিনেজ সানচেজের কাছে হেরেছেন ৭-৫, ৪-৬, ৩-৬ গেমে। হেরেছেন সানিয়া মির্জাও। পুরুষ এককে জিতেছেন রজার ফেদেরার, অ্যান্ডি রডিক ও হুয়ান মার্টিন দেল পোত্রো। মিখাইল কুকুশকিনের বিপক্ষে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-২ গেমে জিতেছেন ফেদেরার। প্রথম সেটটা টাইব্রেকে নিয়ে গিয়ে অনেককেই চমকে দিয়েছেন কাজাখস্তানের কুকুশকিন। রয়টার্স।