সেরেনার আরেকটি শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের প্রস্তুতিটা দুর্দান্তই হলো সেরেনা উইলিয়ামসের। কয়েক দিন আগে জিতেছেন উইম্বলডন। গতকাল রোববার রাতে স্ট্যানফোর্ড ক্ল্যাসিক শিরোপাটাও ঘরে তুললেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা।শিরোপা-নির্ধারণী লড়াইয়ে স্বদেশি ভ্যানডেওয়েকে সরাসরি ৭-৫, ৬-৩ গেমে উড়িয়ে দেন সেরেনা। এই জয়ে সেরেনার ক্যারিয়ারে শিরোপা দাঁড়াল ৪৩টিতে। এর মাধ্যমে স্পর্শ করলেন বড় বোন ভেনাস উইলিয়ামসের অর্জনকে।গত কয়েকটা দিন বেশ ধকল গেছে সেরেনার ওপর। উইম্বলডন থেকে সরাসরি স্ট্যানফোর্ডের কোর্টে নামতে হয়েছিল তাঁকে। ফাইনালে উঠেই বলেছিলেন, ‘সপ্তাহটা অদ্ভুত ছিল। আমি আমার অর্ধেকটাও ঢেলে দিতে পারিনি।’ শিরোপা জয়ের পরও একই সুরে কথা বললেন সেরেনা, ‘জয় পাওয়ার মতো যথেষ্ট ভালো খেলেছি আমি। তবে আরও ভালো খেলতে পারতাম। লড়াইয়ে টিকে গেছি। কিন্তু নিজের সেরাটা খেলতে পারিনি আমি।’এবারই প্রথমবারের মতো ডব্লিউটিএ ফাইনালে উঠেছিলেন ভ্যানডেওয়ে। কিন্তু শিরোপা থেকে গেল অধরা। ম্যাচ শেষে মার্কিন এই তরুণীর প্রতিক্রিয়া, ‘সপ্তাহজুড়ে আমি ভালো সার্ভ করেছি। এখনো মনে হয়, সেরেনার বিপক্ষে আমার সার্ভগুলো ভালো ছিল। কিন্তু ও বড় খেলোয়াড়। সুযোগগুলো কাজে লাগাতে পেরেছে সেরানা।’অলিম্পিক শুরু হবে ২৭ জুলাই। এর মানে লন্ডনে যাওয়ার আগে কয়েকটা দিন বিশ্রাম পাচ্ছেন সেরেনা। অলিম্পিকে সোনা জয়ের লড়াইয়ে সিংগেলস, ডাবল দুটিতেই অংশ নেবেন তিনি। ডাবলসে তাঁর সঙ্গী বোন ভেনাস। তবে দুটি নয়, অলিম্পিকে একটি শিরোপা জয় করতে পারলেই খুশি সেরেনা, ‘একটি সোনা জয় করলেই আমার কাছে অনেক বড় পাওয়া হবে। তাই বলে আমার সব স্বপ্ন বা আশা ছেড়ে দিচ্ছি না।’ রয়টার্স।