সেরেনার জয়ের রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনার রেকর্ড গড়ার শট! কালই বহু পুরোনো একটা রেকর্ড ভেঙে দিয়েছেন সেরেনা, অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন টানা ৬১ ম্যাচ। ড্যানিয়েল হানতুকোভাকে হারিয়ে উঠে গেছেন টুর্নামেন্টের শেষ ষোলোতে  এএফপি
সেরেনার রেকর্ড গড়ার শট! কালই বহু পুরোনো একটা রেকর্ড ভেঙে দিয়েছেন সেরেনা, অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন টানা ৬১ ম্যাচ। ড্যানিয়েল হানতুকোভাকে হারিয়ে উঠে গেছেন টুর্নামেন্টের শেষ ষোলোতে এএফপি

টানা চার দিন ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল তাপমাত্রা। ১৯০৮ সালের পর প্রথম এ ঘটনার সাক্ষী হওয়া মেলবোর্নের বাসিন্দারা নতুন রেকর্ডও দেখলেন কাল টেনিস কোর্টে। চরম গরমকে পাত্তা না দিয়ে দানিয়েলা হানতুকোভাকে ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শেষ ষোলোয় উঠে ইতিহাস গড়েছেন সেরেনা উইলিয়ামস। মেয়েদের বিভাগের অবিসংবাদিত ফেবারিট সেরেনার অস্ট্রেলিয়ান ওপেনে এটা ৬১তম জয়। ৬০ ম্যাচ জিতে ১৯৭৫ সাল থেকেই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন মার্গারেট কোর্ট।
এই ৬১ জয়ের কোনটি সবচেয়ে প্রিয়? ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান ওপেনে অভিষেক হওয়া সেরেনার উত্তর, ‘যে ফাইনালগুলো আমি জিতেছি।’ সংখ্যাটা কম নয়, উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি পাঁচবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন যে মার্কিন এই তারকাই। চতুর্থ রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ সাবেক এক নম্বর আনা ইভানোভিচ। শেষ ষোলোতে উঠেছেন দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচানো লি না। চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে লি না হারিয়েছেন ১-৬, ৭-৬ (৭/২), ৬-৩ গেমে।
পুরুষ বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচও দাপটের সঙ্গে উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। টানা চতুর্থ শিরোপার অভিযানে নামা সার্বিয়ান তারকা সরাসরি ৬-৩, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন উজবেকিস্তানের দেনিস ইস্তোমিনকে। গত ইউএস ওপেনের পর থেকেই কোনো ম্যাচ না হারা জোকোভিচের মেলবোর্নে এটা টানা ২৪তম জয়। শেষ ষোলোয় জোকোভিচের প্রতিপক্ষ ইতালির ফ্যাবিও ফনিনি। চতুর্থ রাউন্ডে উঠে গেছেন তৃতীয় বাছাই ডেভিড ফেরারও। এই নিয়ে টানা ১৫টি গ্র্যান্ড স্লামের শেষ ষোলোতে উঠলেন এই স্প্যানিয়ার্ড। এএফপি।