সেরেনার দাবি, তিনিই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাঙ্কিং নিয়ে ক্ষোভ তাঁর চিরকালীন। এটিপির র‌্যাঙ্কিং-পদ্ধতি তাঁর কাছে আস্ত গাধা! ‘এটিপির র‌্যাঙ্কিং-পদ্ধতি আমি বুঝি না, এর প্রতি আমার বিন্দুমাত্র আস্থা নেই’—বলে সেরেনা উইলিয়ামস ক্ষোভ জানিয়েছেন অনেকবারই। চলমান ইউএস ওপেনের চতুর্থ বাছাই প্রথম রাউন্ডের ম্যাচটি এক ঘণ্টার মধ্যেই জিতে নিয়ে দাবি করলেন তিনিই বিশ্বের সেরা, ‘অবশ্যই, আমি ওটাই বিশ্বাস করি।’নিজেকে সেরা বলে দাবি করার পেছনে যুক্তরাষ্ট্রের এই টেনিস-সম্রাজ্ঞীর মোক্ষম যুক্তিও আছে। তাঁর মতে ‘ফালতু’ র‌্যাঙ্কিং নয়, বিশ্বের সেরা খেলোয়াড় নির্ধারণের মানদণ্ড হলো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। কে কয়টা গ্র্যান্ড স্লাম জিতল, সেটাই বলবে কে সেরা।সেটা হলে নিশ্চিতভাবেই মহিলাদের র‌্যাঙ্কিংয়ে সেরেনার নামটিই সবার ওপরে থাকার কথা। তাঁর বড় বোন ভেনাস উইলিয়ামসকে বাদ দিলে, বর্তমান খেলোয়াড়দের বাকি সবাই মিলেও সেরেনার সমান গ্র্যান্ড স্লাম জেতেননি! ১৪টি গ্র্যান্ড স্লাম জিতে সেরেনা নিজেকে নিয়ে গেছেন সর্বকালের সেরাদের কাতারে। সর্বশেষ বড় দুটি শিরোপাও উঠেছে সেরেনার হাতে। উইম্বলডনের পর অলিম্পিকে সোনা জিতেছেন একক-দ্বৈত দুটিতেই। কিন্তু র‌্যাঙ্কিংয়ে তিনি কি না চার নম্বরে! ইউএস ওপেনে সেরেনা শুরুটা করলেন ঝড়ের মতো। এক ঘণ্টারও কম সময়ে স্বদেশি কোকো ভ্যান্ডেওয়েকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে সেরেনা উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও ঝড় তুললেন সেরেনা, ‘আমি র‌্যাঙ্কিংকে পরোয়া করি না। আমিই এক নম্বরই আছি। দারুণ ব্যাপার। আমি সেরা হয়ে থাকতে চাই। এক নম্বর না হয়েও যদি আমি জিতি, বেশ ভালো।’ইউএস ওপেনের ইতিহাসে মহিলা এককে সবচেয়ে দ্রুতগতির সার্ভের রেকর্ড গড়ে পরশু জিতেছেন তাঁর বড় বোন ভেনাস উইলিয়ামসও। স্বদেশি বেথানি মাতেক-স্যান্ডসকে ৬-৩, ৬-১ গেমে হারানোর পথে ভেনাস প্রথম সার্ভটি করেছিলেন ১২৪ মাইল গতিতে। ৪৬ নম্বরে নেমে যাওয়া সাবেক এক নম্বর খেলোয়াড় ম্যাচ শেষে জানিয়েছেন, আবারও জায়গা করে নিতে চান র‌্যাঙ্কিংয়ের সেরা দশে, ‘দারুণ সব খেলোয়াড়ের সঙ্গে শীর্ষ দশেই ফিরতে চাই আমি।’ দ্বিতীয় রাউন্ডে পা দিয়ে ৩২ বছর বয়সী ভেনাস দুঃখ প্রকাশ করেছেন নিজের অসুস্থতা নিয়েও। ‘সোজেনস সিনড্রোম’ রোগ ধরা পড়ার পর গত বছর জার্মানির সাব্যাইন লিসিকির বিপক্ষে এই ইউএস ওপেনেরই দ্বিতীয় রাউন্ড থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। ভাগ্যচক্রে এবারও দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ একজন জার্মানি, আঞ্জেলিক কেরবার। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে এই কেরবারই হারিয়ে দেন ভেনাসকে। তাঁর সামনে প্রতিশোধের সুযোগ!উইলিয়ামস বোনদের দিনে জিতেছেন নোভাক জোকোভিচ, সোঙ্গা, অ্যান্ডি রডিকরা। তবে মহিলা এককে একটা অঘটন আছে, র‌্যাঙ্কিংয়ে ৯৬ নম্বর ইরিনা-ক্যামেলিয়া বেগুর কাছে ৬-২, ৬-২ গেমে প্রথম রাউন্ডেই হেরে গেছেন সাবেক এক নম্বর ক্যারোলিন ওজনিয়াকি। তবে আনা ইভানোভিচ, আগ্নেয়াস্কা রাদওয়ানস্কা জিতেছেন। এএফপি, রয়টার্স।