সেরেনার নতুন জীবন
সেরেনা উইলিয়ামসের ভক্তরা আগে এক মিনিট ঈশ্বরের প্রার্থনায় মগ্ন হোন। তার পর এই লেখাটা পড়ুন। কারণ, ঈশ্বরের কৃপাতেই যে এই টেনিস তারকা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন!৪৯ সপ্তাহ টেনিস থেকে দূরে ছিলেন ১৩টি একক গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী এই তারকা। প্রায় এক বছরের বিরতির পর সদ্যই ফিরেছেন কোর্টে। সেরেনার এই ফেরা তাঁর পরিবারের জন্যও অনেক বড় স্বস্তি হয়ে এসেছে। কারণ, টেনিস তো দূরের কথা, সেরেনা হাসপাতাল থেকে জীবিত অবস্থায় ফিরতে পারবেন কি না, এ নিয়েই ছিল সংশয়!সেরেনা নিজেই জানালেন, ‘আক্ষরিক অর্থেই আমি একটা পর্যায়ে মৃত্যুশয্যায় ছিলাম। গুরুতর অসুস্থ ছিলাম। যদিও শুরুর দিকে সেটাকে পাত্তা দিতে চাইনি। প্রথম প্রথম সবাই বলতও, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত রোগটা গুরুতর হয়ে গেল। আর দুই দিন পর চিকিৎসা শুরু করালে সেটা আমার ক্যারিয়ার শেষ করে দিতে পারত, এমনকি আরও বড় ভয়ের আশঙ্কাও ছিল।’কিন্তু হয়েছিল কী সেরেনার? তাঁর দুই ফুসফুসেই জমাট বেঁধেছিল রক্ত! ‘চিকিৎসকেরা আমাকে বললেন, আমার দুই ফুসফুসেই অনেকগুলো চাপবাঁধা রক্তপিণ্ড আছে। অনেকেই এই রোগে মারাও যায়। আমার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল, শ্বাস নিতে খুব কষ্ট হতো। এমনও কিছু দিন গেছে, বিছানা থেকে উঠতেই পারিনি। বিছানায় পড়ে থেকে শুধু ভেবেছি, কেন আমার সঙ্গে এমনটা হচ্ছে?’বড় বোন ভেনাসের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ভেনাসই প্রথম সন্দেহ করেন, গুরুতর কিছু একটা হয়েছে সেরেনার। একদিন নিজের ফোলা পা নিয়ে সেরেনা ভেনাসের কাছে গিয়েছিলেন। সেখানেই ভেনাস রক্ত জমাট বাঁধার ব্যাপারটা আঁচ করেন। পরে ভেনাসের সন্দেহই সত্যি বলে প্রমাণিত হয়। ভেনাসের কল্যাণে আগেভাগে রোগ শনাক্ত করা সম্ভব হয়েছিল বলেই বেঁচে যান সেরেনা।এটিকে জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা বলছেন সেরেনা। এমনকি এক বোনের মৃত্যুর চেয়েও ভয়াবহ বলছেন এই অভিজ্ঞতাকে, ‘দ্বিতীয় অস্ত্রোপচারটা ছিল সত্যিই কঠিন। আমার বোনের মৃত্যুসহ জীবনে মানসিকভাবে যেসব কঠিন অবস্থার মধ্য দিয়ে গেছি, তার চেয়েও কঠিন অভিজ্ঞতা ছিল এটি।’এই অবস্থা থেকে ফিরে আসাটা সবার কাছেই নতুন জীবন পাওয়ার মতো মনে হয়। সেরেনারও তা-ই হচ্ছে। দীর্ঘ বিরতির পর উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন ইস্টবোর্ন দিয়ে ফিরলেন, ঘাসের কোর্টের এই টুর্নামেন্ট মূলত তাঁর জন্য উইম্বলডন শিরোপা ধরে রাখারই প্রস্তুতি। কাল প্রথম রাউন্ডে জিতেছেনও। সাধারণ এই জয়ও সেরেনার চোখে বাড়তি তাৎপর্য পেয়ে যাচ্ছে। কারণটা শুনুন তাঁর মুখেই, ‘এই প্রত্যাবর্তন বাকি যেকোনো প্রত্যাবর্তনের চেয়ে আলাদা।’ রয়টার্স, ওয়েবসাইট।