আগের দিন গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন সেরেনা। ঠিক এক দিন পর পরশু একই কোর্টে ছোট বোনের পদাঙ্ক অনুসরণ করলেন ভেনাস। দ্বিতীয় রাউন্ডে তৃতীয় বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কার কাছে হেরে গেছেন ৬-২, ৬-৩ গেমে। এই হার জন্ম দিয়েছে আরেকটি ‘প্রথমের’। দুই বোনই খেলেছেন এমন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এই প্রথম তৃতীয় রাউন্ডের আগেই নেই দুজনের একজনও। উইলিয়ামসদের বিদায়ে সহোদরা হিসেবে টিকে ছিলেন শুধু রাদওয়ানস্কারা। কিন্তু কাল পেত্রা কেভিতোভার কাছে হেরেছেন আগ্নিয়েস্কার ছোট বোন উরসুলা।সেরেনার বিদায় যেমন শোরগোল তুলেছিল, তুলনায় ভেনাসের বিদায়টা হলো যেন নীরবে। উল্টো র্যাঙ্কিংয়ে এখন ৫২ নম্বর ভেনাসকে কথা বলতে হলো ছোট বোনকে নিয়েই, ‘এই টুর্নামেন্ট আমি কেমন করব সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু আমি সত্যিই চেয়েছি সে জিতুক। ক্লে-কোর্টে সে সত্যিই দারুণ করছিল।’১৩টি একক ও ১৪টি দ্বৈত গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা বাদ পড়ে পুরোপুরিই ভেঙে পড়েছেন। সেরেনা-বধের নায়িকা ভারজিনি রাদজানো যখন ফরাসি টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছিলেন, সেরেনা আসেননি বোনের খেলা দেখতেও। উইলিয়ামসদের মা ওরসেন প্রাইস জানিয়েছেন, হারের পর কারও সঙ্গে কোনো কথাই বলেননি। দরজা বন্ধ করে চুপচাপ বসেছিলেন।পুরুষ এককে রেকর্ড করেই তৃতীয় রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার। নিজের টানা ৫০তম গ্র্যান্ড স্লামে রোমানিয়ার আদ্রিয়ান আঙ্গারকে হারিয়েছেন সুইস তারকা। অবশ্য এরপর ম্যাচ বা রেকর্ড নিয়ে নয়, কথা বলতে হয়েছে তাঁকে অলিম্পিকে সুইস পতাকা বহন করা নিয়ে, রানি এলিজাবেথের হীরকজয়ন্তী নিয়ে। টানা তৃতীয় অলিম্পিকেও সুইজারল্যান্ডের পতাকা বহন করবেন কি না, এ নিয়ে নাকি কিছুই জানতে পারেননি ১৬টি গ্র্যান্ড স্লামের মালিক। আর কাজটা তাঁর পছন্দের। এবারের অলিম্পিকের টেনিস হবে তাঁর মৃগয়াক্ষেত্র উইম্বলডনেই। যেখানে জিতেছেন ছয়বার। এএফপি, ওয়েবসাইট।