সেরেনার পর নাদাল
জিতলেই শিরোপা ও এক নম্বর—সহজ এই সমীকরণ মেলাতে হলে শারাপোভাকে কোর্টে করতে হতো অসম্ভব কিছু। কাটাতে হতো সেরেনা-জুজু। উল্টো রুশ তারকাকে কাল যেন সেরেনা-জুজুটা পেয়ে বসল আরও বেশি করে। স্কোরেই তার প্রমাণ। সেরেনা ম্যাচ জিতেছেন ৬-১, ৬-৪ গেমে। এটা তাঁর ক্যারিয়ারের ৫০তম এবং মাটির কোর্টে সপ্তম শিরোপা। এ নিয়ে শারাপোভার বিপক্ষে সেরেনার জয়-পরাজয়ের রেকর্ডটা দাঁড়াল ১৫-২। শারাপোভার জয় দুটিও সেই ২০০৪ সালে। এর পরের ১২ সাক্ষাতেই জয়ী সেরেনা।
‘একে’র লড়াইয়ের শেষটা ছিল আন্তরিকতায়-ভরা। একে অন্যকে অভিনন্দন জানিয়ে দুজনেই দৃষ্টি ফেরাচ্ছেন ফ্রেঞ্চ ওপেনের দিকে। আগামী ২৬ মে থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট।
এদিকে অঘটনের পুরুষ এককে রাফায়েল নাদাল কাল সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে জিতেছেন শিরোপা। এ নিয়ে চোট থেকে ফেরার পর সাতটি টুর্নামেন্টে অংশ নিয়ে সাতটিতেই ফাইনালে ওঠা নাদাল শিরোপা জিতলেন পাঁচটিতেই। এএফপি।