সেরেনার পর নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইদানীং কোনো শিরোপা জিতলেই বাচ্চাদের মতো নাচানাচি-লাফালাফি করেন সেরেনা উইলিয়ামস। যেন জীবনে প্রথম শিরোপা জিতেছেন! সেখানে কাল তো উপলক্ষ ছিল আরও বড়। হারলেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মুকুটটা হাতছাড়া হতো, হাত ফসকে বেরিয়ে যেত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও। এমন ম্যাচে সেরেনা হারতে পারেন! সেরেনা হারেনওনি। কাল ফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়ে সেরেনা ধরে রেখেছেন শিরোপা-শীর্ষস্থান দুটিই।জিতলেই শিরোপা ও এক নম্বর—সহজ এই সমীকরণ মেলাতে হলে শারাপোভাকে কোর্টে করতে হতো অসম্ভব কিছু। কাটাতে হতো সেরেনা-জুজু। উল্টো রুশ তারকাকে কাল যেন সেরেনা-জুজুটা পেয়ে বসল আরও বেশি করে। স্কোরেই তার প্রমাণ। সেরেনা ম্যাচ জিতেছেন ৬-১, ৬-৪ গেমে। এটা তাঁর ক্যারিয়ারের ৫০তম এবং মাটির কোর্টে সপ্তম শিরোপা। এ নিয়ে শারাপোভার বিপক্ষে সেরেনার জয়-পরাজয়ের রেকর্ডটা দাঁড়াল ১৫-২। শারাপোভার জয় দুটিও সেই ২০০৪ সালে। এর পরের ১২ সাক্ষাতেই জয়ী সেরেনা। ‘একে’র লড়াইয়ের শেষটা ছিল আন্তরিকতায়-ভরা। একে অন্যকে অভিনন্দন জানিয়ে দুজনেই দৃষ্টি ফেরাচ্ছেন ফ্রেঞ্চ ওপেনের দিকে। আগামী ২৬ মে থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট।এদিকে অঘটনের পুরুষ এককে রাফায়েল নাদাল কাল সুইজারল্যান্ডের স্তানিসলাস ভাভরিঙ্কাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে জিতেছেন শিরোপা। এ নিয়ে চোট থেকে ফেরার পর সাতটি টুর্নামেন্টে অংশ নিয়ে সাতটিতেই ফাইনালে ওঠা নাদাল শিরোপা জিতলেন পাঁচটিতেই। এএফপি।