সেরেনার বছর
ইতিমধ্যে ১৫টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। বয়সও হয়ে গেছে ৩১। এই বয়সে অবসর চিন্তাই পেয়ে বসার কথা। অথচ সেরেনা উইলিয়ামসের দাবি, তাঁর সেরাটা এখনো বাকি। সাম্প্রতিক ফর্মও তাঁর দাবির সমর্থনে কথা বলছে। ফর্মের তুঙ্গে থাকা সেরেনা গত পরশু মারিয়া শারাপোভাকে হারিয়ে দীর্ঘ এক দশক পর পুনরুদ্ধার করেছেন ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের শিরোপা।পরশু ইস্তাম্বুলের ফাইনালে ৬-৪, ৬-৩ গেমে জয়ের পর উইলিয়ামস বোনদের ছোট জন নিজেই বলেছেন, ‘আমি অবশ্যই মনে করি, আমার আরও উন্নতির জায়গা আছে।’ আর উন্নতির এই কাজটা তিনি শুরু করতে চাইছেন মৌসুম শেষের সময়টাতেই নভেম্বর-ডিসেম্বরে। সেরেনার কথা, ‘আমি মনে করি, প্রতিটি দিনই, সেটি জীবনে হোক কিংবা টেনিসে, আমরা যা-ই করি না কেন, মানুষ হিসেবে সব সময়ই উন্নতি করতে পারি। যেদিন আমার মনে হবে আমি আর উন্নতি করতে পারব না, সেদিনই সম্ভবত আমি আমার র্যাকেটটা ঝুলিয়ে রাখব।’ ২০১০ ও ২০১১ সাল মিলিয়ে টেনিস থেকে ১২ মাসের অনুপস্থিতির পর উইম্বলডন, ইউএস ওপেন শিরোপাসহ গত চার মাসে সেরেনা জিতেছেন অলিম্পিকের ‘ডাবল’ (একক এবং দ্বৈতে)। রূপকথার এক প্রত্যাবর্তন! এখন তাঁর সামনে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের হাতছানি, প্রথমবার নিজের এমন কীর্তির নাম যেমন দিয়েছিলেন ‘সেরেনা স্লাম’। এএফপি।