শততম অস্ট্রেলিয়ান ওপেন তার অষ্টম দিনে দেখল সবচেয়ে বড় অঘটন। চতুর্থ রাউন্ডেই হেরে গেলেন পাঁচবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। ঘাতক একাতেরিনা মাকারোভা। বিশ্বের ৫৬ নম্বর এই রুশ জিতেছেন সরাসরি ৬-২, ৬-৩ গেমে। অঘটনের দিনে ফ্রান্সের জো-উইলফ্রায়েড সোঙ্গাকে পাঁচ সেটের লড়াইয়ে হারিয়ে শেষ আটে উঠে গেছেন জাপানের কেই নিশিকোরি।চোটের কারণে গতবার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা হয়নি। এবারও চোট নিয়েই খেলা সেরেনা এই টুর্নামেন্ট টানা জিতেছেন ২০০৯ ও ২০১০ সালে। মেলবোর্নে টানা ১৭ ম্যাচ জয়ের পর তাঁর কালকের হারটি ছিল অবিশ্বাস্য কিছু ভুলের মাশুল। ভুলগুলো দেখানো যায় সহজ সংখ্যায়— ৭টি ডাবল ফল্ট, যার ৪টিই আবার এক গেমে। ৩৭টি আনফোর্সড এরর, প্রথম সার্ভে মাত্র ৫০ শতাংশ সফলতা। সেরেনা নিজেই বলতে বাধ্য হয়েছেন, ‘মনে হচ্ছে বাঁ হাতেই সার্ভ শুরু করতে হবে।’অবশ্য চোটের সঙ্গে লড়াই করা সেরেনার প্রস্তুতিও ভালো ছিল না। ইউএস ওপেন ফাইনালের পর মাত্র দুটি ম্যাচ খেলেছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ড পর্যন্ত যাওয়া একমাত্র মার্কিন তারকা। স্বল্প প্রস্তুতির কথা স্বীকার করে সেরেনা বলেছেন, গ্র্যান্ড স্লাম না হলে তাঁকে হয়তো দেখা যেত না অস্ট্রেলিয়ান ওপেনেও। অন্যদিকে ৮০ বছর পর প্রথম জাপানি হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নিশিকোরি। সাড়ে তিন ঘণ্টার ঘামঝরানো লড়াইয়ে সোঙ্গাকে ২-৬, ৬-২, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন এশিয়ান টেনিসে ‘ছেলেদের লি না’ হতে চাওয়া নিশিকোরি। দিনের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার শেষ ভরসা লেটন হিউয়িটকে বিদায় করে দিয়েছেন নোভাক জোকোভিচ। শীর্ষ বাছাই জোকোভিচ ৬-১, ৬-৩, ৪-৬, ৬-১ গেমে জিতেছেন সাবেক এক নম্বরের বিপক্ষে। কাল হেরেছেন মেয়েদের আরেক সাবেক এক নম্বর আনা ইভানোভিচও। ৬-২, ৭-৬ (৭/২) গেমে এই সার্বিয়ান হেরেছেন পেত্রা কেভিতোভার কাছে। শেষ আটে উঠেছেন অ্যান্ডি মারে, ডেভিড ফেরার, মারিয়া শারাপোভা ও সারা এরানিও। এএফপি, ওয়েবসাইট।